অক্ষয় ছাড়াই আসছে রাউডি রাঠোরের পরবর্তী পর্ব?
প্রথম ছবির সিক্যুয়েলের প্রযোজনা দায়িত্বে রয়েছেন বলিউডের প্রখ্যাত প্রযোজক সঞ্জয় লীলা বনশালি।
Truth Of Bengal: ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রাউডি রাঠোর’। পুলিশ অফিসারের চরিত্রে অভিনীত এই ছবির আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে। ইন্ডাস্ট্রির মহলে শোনা যাচ্ছে, এবার সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে।
প্রথম ছবির সিক্যুয়েলের প্রযোজনা দায়িত্বে রয়েছেন বলিউডের প্রখ্যাত প্রযোজক সঞ্জয় লীলা বনশালি। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি, তবু ছবির সিক্যুয়েল তৈরির গুঞ্জন বেশ জোরাল হচ্ছে। বর্তমানে বনশালি ব্যস্ত আছেন তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। তবে জানা গেছে, বনশালি ও শাবিনা খান বিগত তিন বছর ধরে সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।
সিক্যুয়েলটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের গোড়ার দিকে শুটিং শুরু হওয়ার কথা। তবে প্রথম ছবির মতো এইবার ছবির মুখ্য চরিত্রে আর অক্ষয় কুমারের নাম নেই। সিক্যুয়েলের জন্য নতুন মুখের কথাই ভাবা হচ্ছে। সূত্রের খবর, প্রথমে সিদ্ধার্থ মালহোত্রার নামও আলোচিত ছিল, কিন্তু তিনি এই ছবিতে অভিনয় করছেন না।
মনে করিয়ে দেই, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ মূলত ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘বিক্রমারকুডু’-র রিমেক। এই ছবিতে অক্ষয় কুমার ছিলেন এএসপি বিক্রম রাঠোর চরিত্রে এবং তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।




