দেশ

সীমান্ত পেরিয়ে গুয়াহাটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী! গ্রেফতার এক দালালও

একইসঙ্গে এই অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দালালকেও

Truth of Bengal: অসম এবং পশ্চিমবঙ্গের নির্বাচনি আবহে যখন অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই গুয়াহাটির দিসপুর থেকে এক শিশু-সহ চার বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। একইসঙ্গে এই অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দালালকেও। ধৃতদের বর্তমানে দিসপুর থানায় রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা গত ১০ এপ্রিল সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ১১ এপ্রিল তাঁরা গুয়াহাটিতে পৌঁছান। গোপন সূত্রে খবর পেয়ে অসম পুলিশের সীমান্ত শাখা অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ নথিপত্র ছিল না। আইন অনুযায়ী বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতেই রাখা হবে। এই অনুপ্রবেশের ঘটনায় মহম্মদ আক্কাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় ট্যাক্সিচালক আক্কাস মূলত সীমান্ত পারাপারের দালালি চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ধৃত দালালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি পৃথক ধারায় মামলা রুজু করা হয়েছে।

রাজ্যে ভোটের প্রাক্কালে এই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই অনুপ্রবেশের নেপথ্যে কোনও বড় মাপের আন্তর্জাতিক পাচারচক্র বা সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিশ্চিত করতে দিসপুর থানার পুলিশ এবং সীমান্ত বিভাগ যৌথভাবে গভীর তদন্ত শুরু করেছে। দালালের মাধ্যমে সীমান্ত ডিঙানোর এই পদ্ধতি উদ্বেগে রেখেছে প্রশাসনকে।

Related Articles