দেশ

ডিলিমিটেশন বিলে মোদি সরকারের পাশে স্ট্যালিন! সমর্থন ঘোষণা ডিএমকের

এর আগে কেন্দ্রের ডিলিমিটেশন প্রস্তাবের বিরোধিতা করেছিল ডিএমকে।

Truth of Bengal: ডিলিমিটেশন বিল নিয়ে জল্পনার অবসান। কেন্দ্রের সংশোধিত আসন পুনর্বিন্যাস বিলে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করল ডিএমকে। শনিবার দলের সাংসদদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান দলের নেতা এ রাজা। ফলে সংসদে বিল পাশ করানোর ক্ষেত্রে মোদি সরকারের শক্তি আরও বাড়ল। ডিএমকের লোকসভায় ২২ জন এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছেন।

এর আগে কেন্দ্রের ডিলিমিটেশন প্রস্তাবের বিরোধিতা করেছিল ডিএমকে। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল দলটি। তবে সংশোধিত খসড়ায় তাদের মূল দাবিগুলি গুরুত্ব পাওয়ায় অবস্থান বদলেছে স্ট্যালিনের দল।

ডিএমকের প্রধান দাবি ছিল, সব রাজ্যে সমানভাবে ৫০ শতাংশ আসন বাড়াতে হবে এবং রাজ্যগুলির মধ্যে আসনসংখ্যার বর্তমান আনুপাতিক হার আগামী ২৫ বছর বজায় রাখতে হবে। কেন্দ্রের নতুন প্রস্তাবে এই দুই বিষয়ই অন্তর্ভুক্ত হয়েছে। ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির পারস্পরিক প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার প্রস্তাব রাখা হয়েছে।

সংবিধান সংশোধনী হওয়ায় বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ৫৪০ সদস্যের কার্যকর লোকসভায় প্রয়োজন ৩৬০টি ভোট। এনডিএর ৩২১ জন সাংসদের পাশাপাশি ডিএমকের ২২ জন সাংসদের সমর্থন মিললে সংখ্যাটি দাঁড়াবে ৩৪৩। শরদ পওয়ারের এনসিপির ৮ জন সাংসদের সমর্থন যুক্ত হলে তা বেড়ে হবে ৩৫১। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও সমর্থন জোগাড় করতে হবে কেন্দ্রকে।

Related Articles