ডিলিমিটেশন বিল পেশের আগে বড় পদক্ষেপ রাষ্ট্রপতির! লোকসভায় দ্বিতীয় দফার বিল আনার প্রস্তুতি
শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভায় এই বিল বিবেচনার জন্য প্রয়োজনীয় সুপারিশ করেছেন
Truth of Bengal: সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগেই আসন পুনর্বিন্যাস বিল নিয়ে তৎপরতা বাড়াল কেন্দ্র। দ্বিতীয় দফায় ডিলিমিটেশন বিল লোকসভায় পেশ করার প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেল। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভায় এই বিল বিবেচনার জন্য প্রয়োজনীয় সুপারিশ করেছেন। লোকসভার সচিবালয়ের তরফে বিষয়টি জানানো হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে নতুন করে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশের পথ আরও প্রশস্ত হল। কেন প্রয়োজন হল রাষ্ট্রপতির এই সুপারিশ? লোকসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, সংবিধানের ১১৭(৩) ধারা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার সচিবালয়ের মহাসচিবকে চিঠি লিখে রাষ্ট্রপতির সুপারিশ চেয়েছিলেন। কারণ, এই ধরনের বিল কার্যকর হলে তার জন্য প্রয়োজনীয় অর্থ দেশের সঞ্চিত তহবিল থেকে খরচ করা হবে। সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া এ ধরনের আর্থিক দায়যুক্ত বিল সংসদে বিবেচনা বা পাশ করানো সম্ভব নয়। সেই সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এবার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট তিনটি বিল সংসদে পেশের অনুমোদন দিয়েছে। সেগুলি হল সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। গত এপ্রিল মাসে লোকসভায় পাশ করানো সম্ভব হয়নি যে বিলগুলি, সেগুলির পুরনো সংস্করণ সরিয়ে নতুন প্রস্তাব নিয়ে আসার পরিকল্পনা করেছে মোদি সরকার। আগামী ৩০ নভেম্বর এই নতুন বিলগুলি সংসদে পেশ হতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী, দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লোকসভা এবং বিধানসভার আসন সংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। সেই পরিকল্পনা কার্যকর হলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ হবে। অন্যদিকে, বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার কথাও বলা হয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।
তবে সরকারের এই পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছে বিরোধী শিবির। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, এই বিল দেশের গণতন্ত্রের সামনে গুরুতর বিপদ তৈরি করতে পারে। বিরোধীদের আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের মাধ্যমে দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।এদিকে, বিল পাশ করাতে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড় করাও কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ, সংবিধান সংশোধনের জন্য সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়। প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সেই সংখ্যা ৩৬০। বর্তমানে এনডিএর হাতে রয়েছে ৩২০ জন সাংসদের সমর্থন। অর্থাৎ আরও অন্তত ৪০ জনের সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির আট সাংসদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁদের সমর্থন পেলে এনডিএর সংখ্যা বেড়ে ৩২৮ হতে পারে। ইতিমধ্যেই শরদ পওয়ারের শিবির থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। পাশাপাশি ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের অবস্থান নিয়েও আলোচনা চলছে। তিনিও বিলের পক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।






