খেলা

আইপিএলে বড় ধাক্কা গুজরাট শিবিরে! চোটের কবলে শুভমন গিল

২১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হয় গুজরাট এবং টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের মুখে পড়ে।

Truth of Bengal: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলের অধিনায়ক শুভমন গিল চোটের কারণে খেলতে পারেননি রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে। তাঁর অনুপস্থিতি স্পষ্টভাবে প্রভাব ফেলেছে দলের পারফরম্যান্সে— ২১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হয় গুজরাট এবং টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের মুখে পড়ে।

গিল না থাকায় রাজস্থান ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলান রশিদ খান। ম্যাচের পর তিনি জানান, গিলের পেশিতে টান লেগেছে এবং দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা রয়েছে। দলের সহকারী কোচ পার্থিব প্যাটেল আরও বিস্তারিত জানিয়ে বলেন, এর আগে ঘাড়ের সমস্যায় ভুগছিলেন গিল, তার পরেই এই নতুন পেশির টান। তবে পরিস্থিতি গুরুতর নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। আগামী ম্যাচে, যা ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, সেখানে গিলের ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে দলের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন গিলের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, গিল একজন পরিষ্কার ভাবনাচিন্তার ক্রিকেটার, যিনি খেলাটাকে গভীরভাবে বোঝেন। আধুনিক ক্রিকেটের আত্মবিশ্বাস এবং নিজের খেলাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

সবচেয়ে বড় বিষয়, গিল সবসময় দলকে অগ্রাধিকার দেন— ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত পারফরম্যান্সই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই গুজরাট শিবিরের আশা, তাদের অধিনায়ক খুব শীঘ্রই চোট কাটিয়ে মাঠে ফিরবেন এবং আবারও দলকে নেতৃত্ব দেবেন।

Related Articles