টি-টোয়েন্টি বিশ্বকাপের চাহিদা তুঙ্গে, বাধ্য হয়ে আবার টিকিট ছাড়ছে আইসিসি
Demand for T20 World Cup is high

The Truth of Bengal: আর মাত্র কয়েকমাসের অপেক্ষা আর তারপরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে এবারে আবারও টিকিট ছাড়তে চলেছে আইসিসি। ক্রিকেটপ্রেমিদের কথা মাথায় রেখেই টিকিট ছাড়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়।
আইসিসি এর আগে ৩৮টি ম্যাচের টিকিট ছেড়েছিল। শুক্রবার আরও ১৩টি ম্যাচের টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি-র তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ, ১৯ মার্চ ভারতীয় সময় রাত ৮টা থেকে টিকিট ছাড়া হবে। যারা টিকিট সংগ্রহ করতে চান তাদের আইসিসি-র ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে।
এই বিষয়ে অবশ্য আইসিসির ‘হেড অফ ইভেন্টস’ ক্রিস টেটলি বলেছেন- “আমরা বিশ্বকাপের স্পনসরদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। আরও ১৩টি ম্যাচের টিকিট ছাড়া হচ্ছে। ফলে ৫৫টি ম্যাচের মধ্যে ৫১টি ম্যাচের টিকিট দর্শকেরা কিনতে পারবেন।” প্রসঙ্গত, আইসিসি তরফে বলা হয়েছে, টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে ৩০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ১ জুন থেকে শুরু হওয়া এই ক্রিকেটের যজ্ঞ চলবে ২৯ জুন পর্যন্ত। গোটা বিশ্বের নজরেই রয়েছে এই ক্রিকেটের মহারণ।






