দু’মাসের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক! বাড়ির চারপাশে সশস্ত্র নিরাপত্তারক্ষীর ঘেরাটোপ, লাদাখে চরম উত্তেজনা!
শান্তিপূর্ণ বিক্ষোভের আগেই বড় অ্যাকশন! লেহতে সোনম ওয়াংচুকের বাড়ির সামনে পুলিশি পাহারা, নেপথ্যে আসল কারণ কী?
Truth of Bengal: লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী তথা জলবায়ু আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল। লাদাখ প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, আগামী দু’মাসের জন্য তাঁকে গৃহবন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, এই সময়ের মধ্যে তিনি কোনও ধরনের জনসভা বা মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে, লাদাখের লেহতে তাঁর বাড়ির চারপাশে কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন খোদ ওয়াংচুক।
আসন্ন লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (LAHDC) নির্বাচনকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। আগামী ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রবল শীতের মধ্যে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন সোনম ওয়াংচুক-সহ একাধিক আঞ্চলিক নেতা। ওয়াংচুকের অভিযোগ, প্রশাসনের তরফে কাগজে-কলমে তাঁকে কেবল বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তাঁকে বাড়ির বাইরে পা রাখতে দেওয়া হচ্ছে না।
সোশাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তিনি এবং তাঁর সহযোগীরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই সময় পুলিশকর্মীরা এসে তাঁদের বাইরে যেতে বাধা দেন। সরকারি নির্দেশিকা প্রকাশ্যে আসার আগেই নিজেকে গৃহবন্দি বলে দাবি করেছিলেন তিনি। তাঁর কথায়, “মধ্য শীতে লাদাখের মানুষের ওপর জোর করে একটি ভুয়ো কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছি বলেই আমাকে গৃহবন্দি হতে হল।”
অন্যদিকে, লাদাখ প্রশাসনের সাফাই, পুলিশের বিশেষ রিপোর্টের ভিত্তিতে এলাকায় শান্তিশৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম লাদাখের স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন হতে চলেছে। শুরু থেকেই শীতের মধ্যে ভোট করানো নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন সোনম ওয়াংচুক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু প্রশাসন ডিসেম্বর মাসেই ভোট করানোর বিষয়ে অনড়। প্রশাসনের যুক্তি, নতুন অর্থবর্ষের বাজেট তৈরির জন্য নবনির্বাচিত পরিষদগুলিকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস সময় দেওয়া অত্যন্ত জরুরি। সেই টানাপোড়েনের মাঝেই ওয়াংচুককে গৃহবন্দি করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লাদাখে।




