‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান!’ হুঁশিয়ারি তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের
বাঙালি-অবাঙালি বিভাজনকারীদের ‘সমাজের কীট’ বলে তীব্র আক্রমণ বিধায়কের! ছটপুজো বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি
Truth of Bengal: ছটপুজো উদ্যাপনকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শুরু হওয়া বিতর্কের কড়া জবাব দিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ছটপুজো নিয়ে যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা যেন বাংলাদেশে চলে যান। শুধু তাই নয়, বাঙালি ও অবাঙালি বিভাজন তৈরির চেষ্টাকারীদের ‘সমাজের কীট’ বলেও তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। বিধায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, ছটপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তাঘাট, নদীর ঘাট চত্বর সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন রেলস্টেশনে ছটের গান বাজানো হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সমাজমাধ্যমের একাংশে সমালোচনা শুরু হয়। পশ্চিমবঙ্গ থেকে বাঙালি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। সেই সমালোচকদের নিশানা করেই এদিন সরব হন তারকেশ্বরের বিধায়ক।
শনিবার নিজের শেয়ার করা ভিডিওর ক্যাপশনে সন্তু পান লেখেন, “ছট পুজো নিয়ে যাদের আপত্তি তাদের বলব বাংলাদেশে চলে যান।” ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “এই রাজ্যেই যখন দুর্গার মূর্তি ভাঙা হয়েছিল, মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এই সমালোচকরাই বাঙালি ও অবাঙালিদের মধ্যে দূরত্ব ও বিভাজন তৈরির চেষ্টা করছেন।”
বিধায়ক আরও বলেন, “আপনারা আর কত নিচে নামবেন? সনাতনী হিন্দুদের আর কত আঘাত করবেন? যাঁরা সোশ্যাল মিডিয়ায় বাঙালি-অবাঙালি ভাগ করতে চাইছেন, তাঁরাই সমাজের কীট। তাঁদের বিরুদ্ধে সনাতনী বাঙালি হিন্দুরা লড়াই করেছে, যার ফলাফল গত ৪ মে আপনারা পেয়েছেন।”
ছটপুজো নিয়ে আপত্তি জানালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সন্তু পান। তাঁর বক্তব্য, “এর হিসাব অন্যভাবে হবে। কারণ আমরা সকলে ভারতবাসী এবং সব সনাতনী হিন্দুরা একজোট হয়ে আছি।” এই প্রসঙ্গে পূর্বতন শাসকদলের নেতাদের নিশানা করে বিধায়কের প্রশ্ন, “ফিরহাদ হাকিম যখন কলকাতার বুকে দাঁড়িয়ে সনাতনী হিন্দুদের ‘দুর্ভাগা’ বলেছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘রামধনু’-কে ‘রংধনু’ করে দিয়েছিলেন, তখন বাঙালি সংস্কৃতির কথা মনে পড়েনি? এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করছেন, আর তাতেই আপনাদের যত আপত্তি।”






