ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি! ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন প্রাক্তন আইপিএল কর্তা?
‘আমার জন্য গর্বের মুহূর্ত!’ ব্রিটিশ নাগরিকত্ব পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট ললিত মোদির, শুরু তীব্র বিতর্ক!
Truth of Bengal: ভারতের বাজারে কোটি কোটি টাকার দেনা, ইডি (ED)-সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরদারি এবং ভারত সরকারের লাগাতার প্রত্যর্পণ চেষ্টার মাঝেই এক চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদি। আইনের ফাঁক গলে কার্যত ভারত সরকারের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন তিনি। ভারতের নাগরিকত্ব ত্যাগ করে পাকাপাকিভাবে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন প্রাক্তন আইপিএল কমিশনার। শনিবার সোশাল মিডিয়ায় নিজেই ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তিনি।
সূত্রের খবর, ২০২৫ সালের মার্চ মাসেই ভারতের পাসপোর্ট ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন ললিত মোদি। লন্ডনের ভারতীয় দূতাবাসে গিয়ে তিনি নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আর্জি জানান। ততদিনে একটি বিশেষ এজেন্সির মাধ্যমে ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন তিনি। অবশেষে শনিবার ব্রিটিশ পাসপোর্ট হাতে পান ললিত।
সোশাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ললিত মোদি লিখেছেন, “আমার জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি ব্রিটিশ নাগরিক হতে পেরে গর্বিত। ব্রিটেন দীর্ঘদিন ধরে আমার আবাসস্থল, এই দেশকে আমি সম্মান করি এবং ভালবাসি। ব্রিটেনের নাগরিক হওয়ার অর্থ একই সঙ্গে দায়িত্বও বেড়ে যাওয়া, যা পালন করতে আমি সম্পূর্ণ প্রস্তুত। জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”
উল্লেখ্য, আর্থিক তছরুপ ও একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০১০ সালে ভারত ছেড়ে পালিয়ে যান ললিত মোদি। দেশ ছাড়ার পর শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আশ্রয় নিলেও পরবর্তীতে তিনি ব্রিটেনে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরেই তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। বিশেষজ্ঞদের মতে, ভারতে প্রত্যর্পণের সমস্ত আইনি রাস্তা চিরতরে বন্ধ করতেই ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার এই কৌশল অবলম্বন করলেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালের আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার সময় ললিত মোদির বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় আইন বা ফেমা (FEMA) লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে। ইডির অভিযোগ ছিল, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই আইপিএল আয়োজনের নামে বিদেশি সংস্থাগুলিকে অন্তত ২৪৩ কোটি টাকা পাঠানো হয়েছিল। সেই তদন্তের জাল এড়াতেই দেশ ছেড়েছিলেন তিনি, আর এবার নাগরিকত্ব বদলে নতুন বিতর্কের জন্ম দিলেন ললিত।






