রাজ্যের খবর

সমস্ত আদিবাসীকে জমির অধিকার ও পাট্টা! ঝাড়গ্রাম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিশানায় পূর্বতন সরকার

ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন! ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

Truth of Bengal: রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে, বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনের মঞ্চ থেকে এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রামের সরকারি অনুষ্ঠান থেকে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি, ভুয়ো এসসি (SC) সার্টিফিকেট ইস্যুতে প্রশাসন যে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, তাও স্পষ্ট করে দিয়েছেন। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।

এদিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম।” তিনি জানান, রাজ্যের প্রতিটি আদিবাসী পরিবার যাতে জমির অধিকার পান, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বন দফতর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে তাঁর বিস্তারিত বৈঠক হয়েছে।

ভুয়ো শংসাপত্র প্রসঙ্গে পূর্বতন সরকারকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার আদিবাসীদের নাম করে অযোগ্যদের ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পরতেন। কিন্তু এই সরকারের আমলে একটাও ভুয়ো এসসি সার্টিফিকেট দিতে দেওয়া হবে না।” ইতিমধ্যেই একাধিক ভুয়ো সার্টিফিকেটধারীকে ধরা হয়েছে বলে জানান তিনি এবং প্রশাসনকে এই বিষয়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন।

পাশাপাশি, রাজ্যের পিছিয়ে পড়া শবর জনজাতি গোষ্ঠীর মানুষদের জন্য এক বিশেষ প্রকল্পের কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জাতীয় পিভিজিটি (PVTG) তালিকায় শবর সম্প্রদায়ের নাম অন্তর্ভুক্ত না থাকলেও, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে শবর সম্প্রদায়ের মানুষদের এই প্রকল্পের যাবতীয় সুবিধা প্রদান করবে।

উল্লেখ্য, এদিন ঝাড়গ্রামের এই অনুষ্ঠান থেকেই জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোট ১৩৭টি নতুন প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই দীর্ঘ তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পড়ুয়াদের জন্য হস্টেল-সহ বহু জনমুখী প্রকল্প রয়েছে।

Related Articles