বৃষ্টির কারণে পরিত্যক্ত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচ
Australia South Africa match cancelled due to rain
Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাবা বসাল বৃষ্টি। যার কারণেই ভেস্তে গেল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ফলে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ বি-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। ম্যাচ শুরুর আগে থেকেই কালো মেঘে ঢেকে যায় রাওয়ালপিন্ডি। শুরু হয় বৃষ্টি। ফলে ম্যাচে খেলা শুরু হওয়া দূর অস্ত, টস পর্যন্ত করা যায়নি।
এই ম্যাচ না হওয়ার ফলে গ্রুপ বি-র পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকলেও অস্ট্রেলিয়ার যাওয়া এখনও কঠিন। কেননা, বুধবার এই গ্রুপের অপর একটি ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে আফগানিস্তানের। সেই ম্যাচে যে দল জিতবে সেই সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখবে। এবং জয়ী দল তাদের শেষ ম্যাচ জিতলেই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচটি জেতে তাহলে তারাই চলে যাবে শেষ চারে। আর গ্রুপের শেষ ম্যাচ দুটিও পরিত্যাক্ত হয় তখনও সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে ইংল্যান্ড ও আফগানিস্তানের ছুটি হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।






