আইসিসির সেমিফাইনাল ইতিহাস: সর্বোচ্চ রেকর্ডে মেন ইন ব্লু
প্রথম দল হিসাবে ভারত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ২০ বারের মতো সেমিফাইনালে খেলবে
Truth Of Bengal: রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়া মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ই মার্চ) মুখোমুখি হবে ইংল্যান্ডের। প্রথম দল হিসাবে ভারত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ২০ বারের মতো সেমিফাইনালে খেলবে।
আইসিসির ইভেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার করে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ভারতের মতো নিউজিল্যান্ডও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আগামী বুধবার (৪ মার্চ) ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রেকর্ড ২০ বারের মধ্যে ভারত ওয়ানডে বিশ্বকাপে ৮ বার, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার এবং চ্যাম্পিয়নস ট্রফিতে ৬ বার সেমিফাইনালে উঠেছে।
টেস্ট খেলাতে অংশগ্রহণ না করেও একমাত্র দেশ হিসাবে আইসিসি আসরের সেমিফাইনালে খেলেছে কেনিয়া, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। আর টেস্ট খেলাতে অংশগ্রহণ করেও কখনও আইসিসি আসরের সেমিফাইনালে উঠতে পারেনি জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। আইসিসির টুর্নামেন্টে কোন দল কত বার সেমিফাইনালে, দেখে নিন একনজরে –
ভারত- ২০ বার
অস্ট্রেলিয়া-১৮ বার
নিউজিল্যান্ড-১৮ বার
ইংল্যান্ড-১৬ বার
পাকিস্তান-১৬ বার
দক্ষিণ আফ্রিকা-১৫ বার
ওয়েস্ট ইন্ডিজ-১১ বার
শ্রীলঙ্কা-১১ বার
কেনিয়া-১ বার
বাংলাদেশ-১ বার
আফগানিস্তান-১ বার






