আইসিসি নির্বাচন ঘিরে তুলকালাম! যাদবপুর ক্যাম্পাসে গঠন হল তদন্ত কমিটি
এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি (ICC) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস। ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে চলা বিবাদের মীমাংসা করতে গিয়ে আক্রান্ত হলেন বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। এই নজিরবিহীন ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করেছেন এবং জানিয়েছেন যে, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা হবে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার বিকেলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পড়ুয়া ও শিক্ষকরা। অনুষ্ঠান শেষে সায়েন্স-আর্টস মোড়ের কাছে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। বিবাদ মেটাতে এগিয়ে যান বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং অন্য এক অধ্যাপক ললিত মাধব। সেই সময় হঠাৎই হামলার শিকার হন তাঁরা। ললিত মাধবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রাজ্যেশ্বর সিংহের আঘাত ছিল গুরুতর। তাঁর চোখে ও নাকে আঘাত লেগেছে এবং ভেঙে গিয়েছে চশমার কাচ।
আক্রান্ত অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ হাসপাতাল থেকে জানিয়েছেন যে, গোলমাল থামাতে গিয়ে তিনি আক্রান্ত হন। তবে তাঁর দাবি, যে দুই পক্ষ বিবাদে লিপ্ত ছিল, তাদের কেউ তাঁকে আঘাত করেনি। বরং বাইরে থেকে আসা কেউ আচমকা তাঁর ওপর হামলা চালায়। আশ্চর্যজনকভাবে, মারধরের পর ওই ছাত্ররাই আবার তাঁকে প্রাথমিক শুশ্রূষা করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (WTI) এবং এসএফআই-এর মধ্যে উত্তেজনা চলছিল। এসএফআই সদস্যদের অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের নির্বাচনী প্রচারে শামিল করা নিয়েই মূলত এই সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। ক্যাম্পাসের এই অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দোষীদের চিহ্নিত করতে এখন তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






