লাইফস্টাইল

Last-Minute Romantic Ideas: কাজের চাপে সঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার ‘ম্যাজিক টিপস’ আপনার জন্য!

'শুভ জন্মদিন' জানানোর পাশাপাশি হাজারবার 'সরি' বলাটা প্রাথমিক পদক্ষেপ। কিন্তু শুধু কথায় কাজ হবে না। দ্রুত বেরিয়ে পড়ুন এবং শুধুমাত্র একটি কেক কিনলে চলবে না।

Truth of Bengal: কাজের ব্যস্ততায় সঙ্গীর জন্মদিনের মতো একটি বিশেষ দিন বেমালুম ভুলে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু এর পরিণতি হতে পারে মারাত্মক। বিশেষ করে যখন দিনের অনেকটা সময় কেটে যাওয়ার পর আপনার মনে পড়ে যে আপনি উইশও করেননি, তখন স্বাভাবিকভাবেই আপনার সঙ্গী ক্ষুব্ধ হতে পারেন। কেবল উইশ না করা নয়, এই বিশেষ দিনের জন্য কোনো পরিকল্পনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু হাতে এখনও কিছুটা সময় আছে! কীভাবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেবেন এবং আপনার প্রিয়জনের মন জয় করবেন, তারই কয়েকটি টিপস রইল।

‘শুভ জন্মদিন’ জানানোর পাশাপাশি হাজারবার ‘সরি’ বলাটা প্রাথমিক পদক্ষেপ। কিন্তু শুধু কথায় কাজ হবে না। দ্রুত বেরিয়ে পড়ুন এবং শুধুমাত্র একটি কেক কিনলে চলবে না। কেকের সঙ্গে যোগ করুন ফুলের তোড়া, চকোলেট এবং একটি আন্তরিক কার্ড। এর পাশাপাশি, আপনার সঙ্গীর পছন্দের কোনো জিনিস শেষ মুহূর্তের উপহার হিসেবে কিনে নিন। এই ধরনের আন্তরিক প্রচেষ্টা আপনার সঙ্গীর মন কিছুটা হলেও নরম করতে পারে। তবে আসল চ্যালেঞ্জ হল, ডেটের পরিকল্পনা কীভাবে করবেন?

শেষ মুহূর্তে বাইরে ডেটের প্ল্যান করা কঠিন হতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো বাড়িতেই রোম্যান্টিক ডেটের আয়োজন করা। বাইরের ভালো কোনো রেস্তোরাঁ থেকে সুস্বাদু খাবার অর্ডার করুন। ডিনার টেবিলটিকে সুন্দর করে সাজিয়ে তুলুন। নিজেরা আরামদায়ক পরিবেশে বসে সঙ্গীর বিশেষ দিনটি উদযাপন করুন। জমকালো ডিনারের পর হাতে হাত রেখে রাতে বেরিয়ে পড়ুন একটু আইসক্রিম খেতে। এই ঘরোয়া কিন্তু আন্তরিক আয়োজন ম্যাজিকের মতো কাজ করতে পারে।

যদি শুধু ডিনারে মন না ভরে, তবে দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পারেন একটি ক্যারাওকে নাইট আয়োজন করে। বাড়িতেই সেটআপ করে দু’জনে মিলে নিজেদের পছন্দের গান গেয়ে মজা করুন। চাইলে এই ক্যারাওকে নাইটে ঘনিষ্ঠ বন্ধুদেরও আমন্ত্রণ জানাতে পারেন। সবাই মিলে গল্প, হাসিঠাট্টা ও খাওয়াদাওয়ায় বিশেষ দিনটি আনন্দে ভরে উঠবে।

সারাদিন পাত্তা না দেওয়ার অপরাধবোধ কাটাতে দিনের শেষে কেবল ডিনারই যথেষ্ট নয়। বরং রাতের অন্ধকারে বেরিয়ে পড়ুন লং ড্রাইভে। পাহাড়, সমুদ্র বা জঙ্গল—কাছেপিঠের মধ্যে গাড়ি নিয়ে যেখানে যাওয়া সম্ভব, সেখানে চলে যান। গন্তব্যে পৌঁছে ভোরের সূর্যোদয় একসঙ্গে দেখতে পারেন। মন ভালো করে দেওয়া এই রোমান্টিক ডেট প্ল্যানটি নিঃসন্দেহে মন্দ হবে না। সঙ্গীর মন জয় করতে এই অপ্রত্যাশিত ‘টোটকা’ কাজে লাগিয়ে দেখতে পারেন।

Related Articles