লাইফস্টাইল

চুলের স্টাইল করতে গিয়ে অজান্তেই ডাকছেন বড় বিপদ! কীভাবে ক্ষতি করছে রাসায়নিক রং?

চুলের স্বাভাবিক রং সরিয়ে ফেলার জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়

Truth of Bengal: চুলের স্টাইল করতে অনেকেই রাসায়নিক মিশ্রিত রং বা হাইলাইট ব্যবহার করে থাকেন। চুলের রং করার সময় কোন বিপদকে হাতছানি দিয়ে ডাকছি তা আমরা ভাবি না। আসলে চুলে রং করার প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় চুলের প্রাকৃতিক গুণাবলি। চুলের স্থায়ী রং করতে গিয়ে ব্লিচ করতে হয়। না হলে পছন্দসই রং আসে না। ব্লিচিং করার সময় হাইড্রোজেন পারঅক্সাইড ও অ্যামোনিয়া ব্যবহার করা হয়। চুলের স্বাভাবিক রং সরিয়ে ফেলার জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়।

হেয়ার কিউটিকলস খুলে তার মধ্যে কৃত্রিম পিগমেন্টেশন বা রং ব্যবহার করা হয়। এতে চুলের প্রোটিন বন্ড ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। চুল আরও বেশি পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। হাইড্রোজেন পারঅক্সাইড চুলের প্রাকৃতিক মেলানিন পিগমেন্টকে নষ্ট করে ফেলে। অ্যামোনিয়া চুলকে ফুলিয়ে ফাঁপিয়ে দেয়।

ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে চুল রং করার ফলে চুল ভেতর থেকে দুর্বল হয়ে যায়। স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ, শুষ্ক প্রাণহীন হয়ে যায়। ক্ষতিকর রাসায়নিক উপাদান মাথার তালুর ক্ষতি করে। চুলকানি, লালচে ভাব দেখা যায়। মাথার তালু রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।