গরমে ত্বক ও চুল অতিরিক্ত তৈলাক্ত, ঘরোয়া প্যাকেই হবে ম্যাজিক
এই পরিস্থিতিতে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ত্বকের পরিচর্যায় মিলবে সমাধান।
Truth of Bengal: তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমে সমস্যা অতিরিক্ত বেড়ে যায়। সারাবছর ত্বক থেকে তেল গড়িয়ে পড়ে। গরমে সমস্যা আরও বেশি বেড়ে যায়। মুখ ভরে ওঠে ব্রণ, ফুসকুড়িতে৷ ত্বকে দেখা যায় কালো দাগছোপ। দামি বিউটি প্রোডাক্ট দিয়ে ত্বকের পরিচর্যা করেও লাভ হয় না কিছু। এই পরিস্থিতিতে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ত্বকের পরিচর্যায় মিলবে সমাধান।
১) মুলতানি মাটি, চন্দন গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে ৩ বার করলেই দেখবেন ম্যাজিক। অতিরিক্ত তেল শুষে নেবে। ত্বককে রাখবে ঠান্ডা।
২) তৈলাক্ত ভাবের যম হল টমেটো। টমেটোতে থাকা লাইসোপিন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে। ১ চামচ টমেটোর পেস্টের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। মিনিট ২০ রেখে শুকিয়ে নিয়ে জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ত্বকের ছিদ্র টানটান করে অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। ত্বকে ফিরে আসে স্বাভাবিক জেল্লা।
৩) এক মুঠো নিমপাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। ১০ মিনিট মুখে লাগান এই পেস্ট। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। ব্রণ ও ত্বকের যাবতীয় সংক্রমণ দূর করে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ সম্পন্ন হলুদ ও নিমপাতা।
দহনবেলায় কীভাবে নেবেন চুলের যত্ন
প্রচণ্ড গরমে হাঁসফাঁস প্রাণ, তারওপর চুলের হাজারো সমস্যাতেও একেবারে জেরবার অবস্থা। গরমকালে চুলের যত্ন নিতে কী করবেন তার টিপস রইল এখানে-
চুলের ডগা যদি ফেটে যায় সেই ক্ষতিগ্রস্ত অংশ এখনই কেটে ভালো করে ট্রিম করে নিন। পার্লারে না যেতে পারলে বাড়িতেই কাচি দিয়ে কেটে ফেলুন। গরমকালে চুল তাড়াতাড়ি বাড়ে।
গরমে বেশি পরিমাণে ‘ব্লো-ড্রাই’ ব্যবহার করে চুল শুকোবেন না। কার্লিং আয়রনও যতটা সম্ভব কম ব্যবহার করবেন। এতে চুল আরো বেশি করে শুষ্ক হয়ে পড়বে। বড়ো দাঁড়ার চিরুনি ব্যবহার করুন চুল কম উঠবে।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে চুলকে বাঁচাতে নিয়মিত চুলে ইউভি ফিল্টার্স সমেত হেয়ার কেয়ার প্রোডাক্টস লাগাবেন। এগুলো শুধু চুলকে ক্ষতি হওয়ার হাত থেকেই বাঁচাবে না রঙ করা চুলকে ফেড হয়ে যাওয়া থেকেও আটকাবে।
ভালো করে ময়েশ্চারাইজারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন। নিয়মিত কন্ডিশনারও ব্যবহার করবেন। শ্যাম্পু করার পর চুল আগাপাশতলা ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করুন।
গরমে বাইরে বেরনোর আগে মাথার তালু স্কার্ফ বা টুপি দিয়ে ঢেকে নিন। কারণ এতে শুধু সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকেই প্রতিরোধ হবে না মাথার তালুতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকবে।
গরমে খুব টাইট করে চুল বাঁধবেন না। কারণ গরমকালে চুল ড্রাই থাকে তাই অতিরিক্ত চুল টানাহেঁচড়ার সময় চুল ছিঁড়ে যেতে পারে।
সপ্তাহে একদিন নারকেল তেল দিয়ে হট অয়েল ম্যাসাজ করুন। চুল বেশি ক্ষতিগ্রস্ত হলে অলিভ অয়েল ব্যবহার করুন।
আমলা পাউডার, শিকাকাই, ডিম, দই দিয়ে তৈরি প্রোটিন প্যাক তৈরি করে চুলে লাগান। সপ্তাহে একদিন মাথায় লাগান প্যাক। ঘণ্টা খানেক লাগিয়ে রাখলে চুলের স্বাস্থ্য আর জেল্লা দুটোই ফিরবে।






