বাতাসে বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্প, এপ্রিলের শুরুতেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের
Water vapor in the air is increasing, the Meteorological Office has a message of relief in early April
Truth Of Bengal : মার্চের শুরু থেকেই গরমে রীতিমত হাঁসফাঁস করছে মানুষ। চলতি সপ্তাহে দমদম থেকে শুরু করে আসানসোল, কলাইকুন্ডা প্রভৃতি জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কোথাও আবার ৪০ ডিগ্রি সেলসিয়াস এর গণ্ডি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করা হয়েছিল। তবে এরই মাঝে একটু স্বস্তির বার্তা হাওয়া অফিসের। চলতি সপ্তাহেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে তাপমাত্রা কোন হেরফের হওয়ার সম্ভাবনা নেই আগামী ৫ দিন।
চলতি সপ্তাহেই শহর থেকে জেলা সব জায়গায় ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রা। চড়া রোদে হাওয়া অফিস এমনকি চিকিৎসকেরাও সতর্ক করছিলেন বেলা ১১ টার পর এবং বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া পা না রাখতে। আজ থেকে শুরু হল এপ্রিল মাস। আর এপ্রিলের শুরুতেই এবার স্বস্তির বার্তা শহর তথা রাজ্যের একাধিক জেলা জুড়ে। মঙ্গলবারও কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন তাপমাত্রার কোন হেরফের হবেনা। চড়া রোদে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
চলতি সপ্তাহের শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। শুক্রবার, ৪ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। শনিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এমনকি রবিবারও বৃষ্টির তালিকা থেকে বাদ থাকছে না দক্ষিণের জেলা গুলি। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের জেলগুলিতে।






