দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমছে, আরও বাড়বে শীতের আমেজ
তবে আবহবিদদের মতে, প্রকৃত জাঁকিয়ে শীত অনুভব করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
Truth Of Bengal: শীতপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে কলকাতার রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নামায়। চলতি মরশুমে শহরে প্রথমবার এত নীচে নেমেছে পারদ। শুধু শহর কলকাতাই নয়, জেলার তাপমাত্রাও ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত হারানো শীতের আমেজ কিছুটা ফিরে এসেছে। তবে আবহবিদদের মতে, প্রকৃত জাঁকিয়ে শীত অনুভব করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের নাম হবে ‘সেনইয়ার’, অর্থাৎ সিংহ। বর্তমানে বঙ্গের জন্য সরাসরি কোনও প্রভাব নেই, তবে নভেম্বরের শেষের দিকে হাওয়ার গতিপথ পরিবর্তিত হতে পারে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে এবং আকাশ পরিষ্কার। তবে শহরের কিছু এলাকায় কুয়াশা ছড়িয়ে রয়েছে। আপাতত আবহাওয়া মনোরম এবং চলতি মরশুমে প্রথমবার শহরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সোমবার রাতের তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
বর্তমানে বঙ্গের আবহাওয়া শুষ্ক এবং মনোরম। কিছু জেলায় সকালে কুয়াশা থাকতে পারে। দিনের বেলায় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ উপভোগ করা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে, এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবারের পর কিছু উপকূলীয় জেলায় মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের অবস্থাও আপাতত শুষ্ক। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালে ও রাতে শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় হালকা উষ্ণতা অনুভূত হবে। দার্জিলিংয়ে তাপমাত্রা আপাতত ৫ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা প্রবল। শীতের প্রকৃত আমেজের জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের অপেক্ষা করতে বলছেন।






