মাঘের শুরুতেই চড়ছে পারদ! কলকাতায় কি ঠাণ্ডা তবে বিদায়ের পথে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে শীতের আমেজ কমলেও কুয়াশার প্রভাব বাড়তে পারে।
Truth Of Bengal: মাঘ মাসের শুরুতেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। পশ্চিমের কয়েকটি জেলা বাদ দিলে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঠান্ডার দাপট ক্রমশ কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে শীতের আমেজ কমলেও কুয়াশার প্রভাব বাড়তে পারে। এতদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও এবার তাতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন সপ্তাহের প্রথম তিন দিনে ধাপে ধাপে বাড়বে রাতের তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার থেকে আবার সামান্য কমতে পারে। তবে এরপর কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। ফলে কনকনে ঠান্ডার অনুভূতি তেমন থাকবে না। আবার একেবারে শীত বিদায় নিয়েছে, এমনটাও বলা যাচ্ছে না। ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত। চলতি মরশুমে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের দাপট বেশি অনুভূত হয়েছে। আপাতত উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী ৫ থেকে ৭ দিনে বড় কোনও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে সোমবার থেকে কুয়াশার দাপট আরও বাড়তে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কুয়াশা বেশি দেখা যেতে পারে। এছাড়া রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোর দিন ঘন কুয়াশার সম্ভাবনা কম। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে রবিবারের আবহাওয়ার কথা জানিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৪৮ শতাংশ।






