কলকাতা

গণেশ পুজোর মঞ্চে বামেদের কটাক্ষ, কী বললেন শুভেন্দু?

শুভেন্দুর অভিযোগ, অতীতে পুজোর রীতি, পঞ্জিকা এবং ধর্মীয় আচারকে বদলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মোড়ক দেওয়ার চেষ্টা হয়েছিল।

Truth of Bengal: গণেশ পুজোর উদ্বোধন মঞ্চ থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, যাঁরা ধর্মকে ‘আফিং’ বলেন বা নিজেদের নাস্তিক বলে পরিচয় দেন, তাঁদের কাছ থেকে ধর্ম বা পুজো নিয়ে উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। বাগেশ্বর বাবা বিতর্ক প্রসঙ্গেও তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা জানেন কোন তিথিতে কীভাবে পুজো করতে হয় এবং কোন দিনে কী ভোগ দেওয়া হয়।

শুভেন্দুর অভিযোগ, অতীতে পুজোর রীতি, পঞ্জিকা এবং ধর্মীয় আচারকে বদলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মোড়ক দেওয়ার চেষ্টা হয়েছিল। তাঁর কথায়, প্রাদেশিকতার নামেও মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছিল।

বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর সূচনা করেও ‘পুজো’ বনাম ‘শারদোৎসব’ বিতর্কে বামেদের নিশানা করেন তিনি। কমিউনিস্ট নেতাদের উদ্দেশে শুভেন্দুর মন্তব্য, বিশ্বকর্মা পুজোর দিন তাঁরা নবান্নে এসে তাঁর সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং ‘পরিবর্তনের স্বাদ’ নিতে পারেন।

পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়েও আগের সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর বক্তব্য, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভাজন নয়, বরং সনাতনীদের ঐক্যের বার্তা দেওয়া প্রয়োজন। গণেশ পুজোকে শুধু মহারাষ্ট্রের উৎসব হিসেবে দেখার বিরোধিতা করে তিনি বলেন, বাংলায় মারাঠি, গুজরাতি, বিহারি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ‘প্রাচীর’ ছিল, তা ভেঙে দেওয়া হয়েছে।

একই সঙ্গে শুভেন্দু তাঁর সমর্থকদের ‘অসুর’, ‘দেশবিরোধী শক্তি’ এবং তাঁর ভাষায় ‘টুকরে টুকরে গ্যাং’ থেকে দূরে থাকার আহ্বান জানান।

Related Articles