কলকাতারাজ্যের খবর

বাংলা থেকে বিদায়ের পথে বর্ষা! তার আগে ফের নিম্নচাপের ইঙ্গিত

কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে।

Truth of Bengal: বর্ষার বিদায়ের সময় যত এগিয়ে আসছে, ততই বৃষ্টির দাপট কমছে বাংলায়। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তবে বর্ষা বিদায়ের আগে আরও কয়েকটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস।

বর্তমানে একটি নিম্নচাপ দক্ষিণ ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমের থেকে ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আগামী চার-পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Related Articles