কলকাতার দিকে দিকে প্রতিবাদ, শাহের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল
Protests in Kolkata, Trinamool vocal against Amit Shah
Truth Of Bengal: ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান প্রণেতাকে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। অমিত শাহের সেই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবার রাজ্যের সর্বত্র। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে জেলা সর্বত্রই গর্জে উঠল তৃণমূলের নেতাকর্মীরা। সোমবার রেড রোডে ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল নেতারা। কেন্দ্রের বিজেপি নেতাদের এহেন আচরণের তীব্র নিন্দা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এদিন প্রতিবাদ সংগঠিত করেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর সহ সমস্ত জনপ্রতিনিধি এদিন পথে নামেন। পথে নামেন রাজ্যের মন্ত্রীরাও। উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের প্রতিবাদে গর্জে ওঠে মহানগরী।
এদিন তৃণমূল ভবনেও অমিত শাহের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কর্মসূচি নেওয়া হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডক্টর বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের নেতা-নেত্রীরা। ডঃ বি আর আম্বেদকরের প্রতি এই অপমানের প্রতিবাদ ধারাবাহিকভাবে জানিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, এই শপথ গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।






