কলকাতা

বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ, কলেজ স্ট্রিটে পুলিশের সঙ্গে সংঘাতে SFI!

পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও অবরোধ তুলতে রাজি হননি বাম ছাত্র সংগঠনের কর্মীরা

Truth of Bengal: বইয়ের শহর কলকাতার কলেজ স্ট্রিটে এবার বই বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা। অস্থায়ী বুক স্টল তৈরিতে পুলিশ বাধা দিয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলেন এসএফআই সদস্যরা। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও অবরোধ তুলতে রাজি হননি বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১২টা নাগাদ পুলিশ অবরোধ সরিয়ে দেয় এবং বিক্ষোভে অংশ নেওয়া এসএফআই সদস্যদের আটক করে। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। এসএফআইয়ের অভিযোগ, প্রতি বছর নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী স্টল তৈরি করে বিভিন্ন ধরনের বই বিক্রি করেন তাঁরা। ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি গত চার বছর ধরেই চলে আসছে। এতদিন কোনও বাধার মুখে পড়তে হয়নি তাঁদের। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও চার দিনের জন্য বইয়ের স্টল তৈরির প্রস্তুতি নিয়েছিলেন সংগঠনের সদস্যরা। কিন্তু সোমবার সন্ধ্যায় স্টল তৈরির কাজ শুরু করতেই সেখানে হাজির হয় পুলিশ। ফুটপাত আটকে দোকান করা যাবে না এবং প্রয়োজনীয় অনুমতি নেই বলে জানানো হয় বলে অভিযোগ পড়ুয়াদের।

এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের দাবি, এই কর্মসূচিতে মূলত সাধারণ পড়ুয়ারাই অংশ নেন। গত চার বছর ধরে নিয়ম মেনেই বই বিক্রি করা হয়েছে। সংগঠনের এক সদস্যের প্রশ্ন, তাঁরা তো কেবল বই বিক্রি করতে চেয়েছিলেন, তাহলে এত পুলিশি বাধা কেন? তাঁদের অভিযোগ, পরিবর্তনের রাজ্যে বই বিক্রির মতো কর্মসূচিতেও বাধার মুখে পড়তে হচ্ছে বাম ছাত্র সংগঠনকে। অন্যদিকে, এসএফআইয়ের দাবি, গত বছরের কর্মসূচির জন্য জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। এমনকী, নির্ধারিত করও জমা দেওয়া হয়েছে। এ বছরও একই পদ্ধতিতে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় লালবাজার থেকে বই বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ সংগঠনের। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে বইয়ের স্টল তৈরিতে বাধা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই এলাকায় দু’টি প্রিজন ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কলেজ স্ট্রিটে বই বিক্রি আটকাতে এত পুলিশ মোতায়েন করার কোনও যুক্তি নেই। প্রতিবাদ জানাতে এবার ট্রামের রাস্তার উপরেই বই সাজিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সাধারণ মানুষকে সেখানে এসে বই সংগ্রহ করার আহ্বানও জানিয়েছেন এসএফআই নেতৃত্ব।

মঙ্গলবার সকাল গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কলেজ স্ট্রিটে জমায়েত করে অবরোধ শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের মুখে বারবার শোনা যায়, ‘বইকে এত ভয় কেন, পুলিশ তুমি জবাব দাও’ স্লোগান। এমনকী, পুলিশকর্মীদের বাড়ির ছোটদের জন্যও বই কিনে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। অন্যদিকে, মাইকে বারবার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানাতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১২টা নাগাদ পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে দেয়। আটক করা হয় বিক্ষোভরত এসএফআই সদস্যদের। পুলিশের পাল্টা বক্তব্য, বইয়ের স্টল করার জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। ফলে অনুমতি ছাড়া ওই স্টল করতে দেওয়া সম্ভব নয়। বই বিক্রির অধিকার ও প্রশাসনিক অনুমতি—এই দুই প্রশ্নকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটের এই সংঘাত ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Related Articles