বিধানসভায় কুণাল ঘোষের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ- পড়তে পারেন শাস্তির মুখে
অধিবেশন চলাকালীন কুণাল ঘোষের আচরণ বিধানসভার মর্যাদা ও অধ্যক্ষের আসনের প্রতি অসম্মানজনক ছিল
Truth of Bengal: বিধানসভায় অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দিলেন পর্যটনমন্ত্রী তথা সরকারি দলের বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার অধিবেশনে কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ, অধিবেশন চলাকালীন কুণাল ঘোষের আচরণ বিধানসভার মর্যাদা ও অধ্যক্ষের আসনের প্রতি অসম্মানজনক ছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ দেওয়া হয়।অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষ বা অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি বলেন, “যদি আমার আচরণে আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমি দুঃখপ্রকাশ করছি।” একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর দলের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্য, দলের পক্ষ থেকে তাঁর নাম বক্তাদের তালিকায় দেওয়া হলেও পরে তা কেটে দেওয়া হয়, ফলে বক্তব্য রাখার সুযোগ পাননি।
এর জবাবে শঙ্কর ঘোষ বলেন, দলের অভ্যন্তরীণ সমস্যা বিধানসভার বিষয় নয়। তিনি মন্তব্য করেন, “এটা আপনাদের সমস্যা, আপনারাই তা মেটানোর চেষ্টা করুন।”প্রিভিলেজ নোটিশ গ্রহণের পর বিষয়টি বিধানসভার নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে। অভিযোগের ভিত্তিতে প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে বিধানসভার বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।






