গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ।
Truth of Bengal: কলকাতার উপকণ্ঠে গড়িয়ার ফরতাবাদে লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। এই ঘটনায় তরুণীর মায়েরও যোগ থাকার সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে একটি ভাড়া ফ্ল্যাট থেকে সার্থক সরকার নামে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বারাসতের বাসিন্দা সার্থক ফরতাবাদের ওই ফ্ল্যাটে প্রেমিকা সঞ্চালিকা বসুর সঙ্গে থাকতেন। শনিবার রাতে কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ। পরে খুনের ঘটনায় তাঁর মায়ের যোগ থাকার সন্দেহে মৌমিতা বসুকেও গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সার্থক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে, অভিযুক্ত তরুণী টেকনো ইন্ডিয়ার ছাত্রী ছিলেন। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



