পারদ নামতেই কি শীতের শুরু? বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
Truth of Bengal: কালীপুজোর সকাল থেকেই ঝলমলে রোদে ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। কমেছে তাপমাত্রাও। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ১৭-১৮ ডিগ্রিতে। ফলে কার্তিকের শীত কি এবার দরজায় কড়া নাড়ছে, উঠছে সেই প্রশ্ন। তবে স্বস্তির আবহ বেশিদিন স্থায়ী হচ্ছে না। আগামী সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকেই আকাশের মুখ ভার হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে এবং কমবে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ কালীপুজোর পর রোদ ঝলমলে আবহাওয়ার বদলে ফের বৃষ্টির মুখ দেখতে পারে বাংলা।






