কলকাতা

Park Street: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বড় দাদাকে ‘খুন’ করল মেজ ভাই, চাঞ্চল্য পার্ক স্ট্রিটে

পারিবারিক বিবাদ যে এমন চরম পরিণতি নিতে পারে, তা ভেবেই স্তম্ভিত প্রতিবেশীরা।

Truth of Bengal: পার্ক স্ট্রিটের অভিজাত এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বড় দাদাকে খুনের অভিযোগ উঠল মেজ ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী থাকল শহরের প্রাণকেন্দ্র। এই ঘটনায় মৃত ব্যক্তির নাম নীরজ জয়সওয়াল, যাঁর বয়স ৫৫ বছর। খুনের অভিযোগে তাঁর ভাই ধীরজ জয়সওয়ালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পারিবারিক বিবাদ যে এমন চরম পরিণতি নিতে পারে, তা ভেবেই স্তম্ভিত প্রতিবেশীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়সওয়াল পরিবারে মোট তিন ভাই। ছোট ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তিনি অভিযুক্ত মেজ ভাই ধীরজের সঙ্গেই পার্ক স্ট্রিটের বাড়িতে থাকতেন। বড় ভাই নীরজ থাকতেন উত্তর কলকাতার চালতাবাগান এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি অসুস্থ ভাইকে দেখতে পার্ক স্ট্রিটের বাড়িতে আসেন। অভিযোগ, নীরজকে বাড়িতে দেখেই সন্দেহ শুরু হয় ধীরজের। ধীরজ মনে করেছিলেন, তাঁর বড় ভাই হয়তো সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথা বলতে এসেছেন। এই সন্দেহ থেকেই দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা শুরু হয়। তর্কাতর্কি চলাকালীন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ধাক্কা লেগে নীরজ মাটিতে পড়ে যান এবং তাঁর মাথা সজোরে একটি ইটের ওপর গিয়ে লাগে। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার এই মর্মান্তিক পরিণতির পর মেজ কাকা ধীরজের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নীরজের ছেলে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধীরজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে। বুধবার মৃতদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশের ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নাকি তাৎক্ষণিক উত্তেজনার বশে এই হত্যাকাণ্ড, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Related Articles