বাকি ২ ম্যাচ জিতলেও কি সেমিফাইনালের যেতে পারবে টিম ইন্ডিয়া? সামনে এল কঠিন সমীকরণ
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে তাদের বাকি দুটি ম্যাচে (২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ) অবশ্যই জিততে হবে।
Truth Of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকা দেওয়া ১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবের দলের ইনিংস।

এই শোচনীয় পরাজয় শুধু যে ভারতের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে তাই নয়, সেমিফাইনালে ওঠার পথকেও করে তুলেছে চরম অনিশ্চিত ও জটিল। বর্তমানে ভারতের নেট রানরেট দাঁড়িয়েছে -৩.৮০০-এ, যা প্রতিযোগিতার পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে তাদের বাকি দুটি ম্যাচে (২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ) অবশ্যই জিততে হবে। তবে শুধু জিতলেই হবে না, প্রথম ম্যাচের বিশাল ব্যবধানের ক্ষত মেটাতে দুটি ম্যাচই জিততে হবে বড় রানের ব্যবধানে।

তবেই নেট রানরেটে কিছুটা উন্নতি সম্ভব। কিন্তু সমীকরণ এখানেই শেষ নয়; ভারতকে এখন তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সের দিকেও। যদি তাঁরা তাদের বাকি সব ম্যাচ জেতে, তবে ভারত দুটি ম্যাচ জিতলেই সরাসরি সেমিতে যেতে পারবে।

কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি একটি ম্যাচও হেরে যায়, তবে সমীকরণ তিন দলের পয়েন্ট সমান হওয়ার দিকে মোড় নেবে এবং তখন নেট রানরেটের বিচারে ভারত ছিটকে যেতে পারে।

সংক্ষেপে বলতে গেলে, ভারতীয় দলের ভাগ্য এখন আর শুধু নিজেদের হাতে নেই। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয়ের পাশাপাশি প্রোটিয়া বাহিনীর জয়ের প্রার্থনাও করতে হবে নীল জার্সিধারীদের। ব্যাটিং বিপর্যয়ের এই ধাক্কা সামলে সূর্যকুমাররা কীভাবে ঘুরে দাঁড়ান এবং নেট রানরেটের এই বিশাল ঘাটতি কীভাবে পূরণ করেন, এখন সেটাই দেখার বিষয়।







