হকার উচ্ছেদের প্রতিবাদে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাজপথে মমতা! বামেদের টেক্কা দিতে ধর্মতলায় তৃণমূলের মানববন্ধন
গদি হারানোর পর ফের সেই চেনা ‘স্ট্রিট ফাইটার’ রূপ! ধর্মতলার মিছিলে মমতার সঙ্গে পা মেলালেন কারা?
Truth of Bengal: শিয়ালদহ থেকে হাওড়া, বঙ্গে নতুন সরকার গঠিত হতেই স্টেশন চত্বর ও ফুটপাথ যানজটমুক্ত করতে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক হকার উচ্ছেদ অভিযান। আর গরিব হকারদের এই রুটি-রুজি হারানোর ইস্য়ুতেই এবার ফের একবার নিজের চেনা ‘স্ট্রিট ফাইটার’ অবতারে কলকাতার রাজপথে নেমে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরের তপ্ত রোদে ধর্মতলার মোড়ে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এক বিশাল মানববন্ধনে অংশ নেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, গদি হারানোর পর এই প্রথম কোনও বড় ইস্যু সামনে পেয়ে আসলে নিজের রাজনৈতিক শক্তি পরীক্ষা করতে চাইছেন তৃণমূল নেত্রী।
বামেদের টেক্কা দিতেই কি দেরিতে ঘুম ভাঙল কালীঘাটের?
উল্লেখ্য, ফুটপাথ ও স্টেশন চত্বর থেকে হকার সরানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকদিন আগেই যাদবপুর স্টেশনে তীব্র বিক্ষোভ দেখিয়েছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যরা। বামেদের সেই কর্মসূচিতে সাধারণ মানুষ ও হকারদের একটা বড় অংশকে স্বতঃস্ফূর্তভাবে শামিল হতে দেখা গিয়েছিল।
রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যে প্রধান বিরোধী শক্তির জায়গাটা যাতে বামেদের হাতে পুরোপুরি চলে না যায়, সেই কারণেই কিছুটা দেরিতে হলেও এবার হকার ইস্যুকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভাঙন রুখতে এবং অবশিষ্ট অংশের ‘লিটমাস টেস্ট’ বা শক্তি যাচাই করতেই তিনি এই মানববন্ধনের ডাক দিয়েছেন।
দিদির পাশে কুণাল-দোলা, স্লোগানে কাঁপল ধর্মতলা
এদিন দুপুর থেকেই ধর্মতলায় তৃণমূলের এই প্রতিবাদী কর্মসূচীকে কেন্দ্র করে ভিড় জমতে শুরু করে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে এবং মানববন্ধনে পা মেলাতে দেখা যায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং শ্রমিক নেত্রী দোলা সেন-সহ দলের বিশ্বস্ত কয়েকজন শীর্ষ নেতা-নেত্রীকে।
হাতে এবং বুকে ‘হকারদের উচ্ছেদ চলবে না’, ‘গরিবের পেটে লাথি মারা বন্ধ করো’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ধর্মতলার রাজপথ স্তব্ধ করে দেন তাঁরা। সাধারণ খেটে খাওয়া মানুষের আবেগকে উসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বুঝিয়ে দিতে চাইলেন, ক্ষমতায় না থাকলেও রাজপথ এখনও তাঁর চেনা চারণভূমি।






