‘এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি?’ সিউড়ির মঞ্চে পুর আধিকারিককে তীব্র ধমক মন্ত্রী জগন্নাথের
শিবিরে ঢোকার মুখেই ব্যানারের ডিসপ্লে দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী
Truth of Bengal: জনকল্যাণ শিবিরের প্রচার ও ব্র্যান্ডিং ঠিকমতো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার সকালে সিউড়ি শহরের সিধো-কানহু মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে সিউড়ি পুরসভার ফিনান্স অফিসারকে কার্যত ধমক দেন তিনি। মন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি-সহ শিবিরের ব্যানার সঠিকভাবে টাঙানো হয়নি। গোটা ব্যবস্থাপনাকেই তিনি “খুব খারাপ ব্র্যান্ডিং” বলে মন্তব্য করেন। ১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী বিভিন্ন শিবির পরিদর্শন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন সিউড়ির সিধো-কানহু মঞ্চে যান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই শিবিরে সিউড়ির ১৩, ১৪, ১৫ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা।
View this post on Instagram

শিবিরে ঢোকার মুখেই ব্যানারের ডিসপ্লে দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এরপর সিউড়ি পুরসভার ফিনান্স অফিসারকে ডেকে ওই ব্যানার দেখান তিনি। ধমকের সুরে প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি হজম করতে অসুবিধা হচ্ছে? এটা একটা ব্যানার টাঙানোর ধরণ? এভাবে শিবির চালাবেন?” জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেন, “এটা কীভাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন? এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি? যতগুলি শিবির পরিদর্শন করলাম, সব থেকে খারাপ ব্র্যান্ডিং এখানে।” মন্ত্রীর এই মন্তব্যে শিবির চত্বরে মুহূর্তে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে এই ধরনের শিবিরে প্রচার, ব্যানার এবং সরকারি বার্তা সঠিকভাবে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটেই সিউড়ির ঘটনায় মন্ত্রীর অসন্তোষ প্রশাসনিক মহলে চর্চা তৈরি করেছে। উল্লেখ্য, সম্প্রতি কলেজে ভর্তি সংক্রান্ত অনিয়ম নিয়ে মন্তব্য করতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিলেন, “কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে টাকা তুললে স্যাটা গরম করে দেব।” তাঁর সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার জনকল্যাণ শিবিরে পুর আধিকারিককে ধমক দেওয়ার ঘটনায় ফের আলোচনায় এলেন মন্ত্রী।

