মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর পোস্ট! পুলিশের ইনস্পেক্টরকে সাসপেন্ড করল লালবাজার
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি
Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে নিশানা করে মন্তব্যের অভিযোগ, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর আখলাক আহমেদ। সোমবার, ৯ নভেম্বর বিকেল থেকেই তাঁর সাসপেনশনের নির্দেশ কার্যকর হয়েছে। তিনি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীন ক্যালকাটা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল আউটপোস্টের ইনচার্জ ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। এই ঘটনাকে ঘিরে পুলিশ মহলে শুরু হয়েছে জোর চর্চা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আখলাক আহমেদের কয়েকটি পোস্ট ও মন্তব্য কর্তৃপক্ষের নজরে আসে। সেখানেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই শুরু হয় বিভাগীয় তদন্ত। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ আধিকারিকের এমন মন্তব্যের প্রভাব এবং তার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এই বিতর্কের জেরে প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছিল। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশন থেকে সরিয়ে তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়। কিন্তু শুধু বদলিতেই থেমে থাকেনি কর্তৃপক্ষ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবার তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিককে স্বাভাবিক দায়িত্বে বহাল রাখলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেনশনে রাখার সিদ্ধান্ত। তবে এখনও পর্যন্ত অভিযোগের চূড়ান্ত সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। তদন্তের রিপোর্ট সামনে আসার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাসপেনশনে কত বেতন পাবেন আখলাক আহমেদ?
সাসপেনশনের পাশাপাশি তাঁর আর্থিক সুযোগ-সুবিধা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এই সময়কালে মূল বেতনের ৫০ শতাংশ পাবেন তিনি। সেই সঙ্গে বিধি মেনে অন্যান্য প্রাপ্য ভাতাও দেওয়া হবে। প্রশাসনিক ভাষায় এই অর্থকে বলা হয় ‘সাবসিস্টেন্স অ্যালাউন্স’ বা জীবনধারণ ভাতা। সাসপেনশনে থাকা কোনও সরকারি কর্মী যাতে দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পান, সেই উদ্দেশ্যেই এই ভাতার ব্যবস্থা রয়েছে।





