কলকাতা

অভিষেকের জন্মদিনে কালীঘাটে গোলমাল, ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়।

Truth of Bengal: কালীঘাট-কাণ্ডের তদন্তে এবার নামছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গোলমাল এবং পুলিশকে হেনস্থার অভিযোগের তদন্তভার দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে নিয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে চলে ঘটনার পুনর্নির্মাণ।

শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি ক্রমে ধস্তাধস্তি ও সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকর্মীরাও হেনস্থার শিকার হন। এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দু’টি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। পাশাপাশি গুড়িয়া হরি নামে এক মহিলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেও মামলা রুজু হয়েছে।

ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃত তিন জনই তাদের দলের কর্মী। রবিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে শুক্রবার রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কালীঘাটের এই সংঘর্ষ ও পুলিশি হেনস্থার ঘটনায় এবার গোয়েন্দা বিভাগের তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর।

Related Articles