কলকাতা

টালা ট্যাঙ্কে বড়সড় বিপত্তি! তিলোত্তমায় জল সরবরাহ স্বাভাবিক রাখতে এবার নতুন ছক পুর কর্তৃপক্ষের

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফাটল ধরা ৭২ ইঞ্চির পাইপটি মেরামত করা হবে বলে জানা গিয়েছে

Truth of Bengal: টালা এলাকায় পাইপ ফেটে জলবন্দি পরিস্থিতি, দ্রুত সমস্যা মেটাতে বিকল্প পথে জল সরবরাহের উদ্যোগ নিল পুরসভা। ফেটে যাওয়া ৭২ ইঞ্চির মূল পাইপলাইন বন্ধ করে টালা ব্রিজের কাছে থাকা ১২ ইঞ্চির সাপ্লাই লাইন দিয়ে বাইপাস করে জল সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনা করা হয়েছে। আপাতত বিকল্প পাইপলাইনের মাধ্যমে পরিষেবা সচল রাখার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফাটল ধরা ৭২ ইঞ্চির পাইপটি মেরামত করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, টালা ট্যাঙ্কে প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন গ্যালন জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। পলতা থেকে ছ’টি পাইপলাইনের মাধ্যমে জল এসে পৌঁছয় এই জলাধারে। তার মধ্যে একটি ৭২ ইঞ্চির পাইপ ফেটে যাওয়াতেই বিপত্তি। সোমবার এই ঘটনায় কার্যত জলের তলায় চলে যায় টালা এলাকার বিস্তীর্ণ অংশ। বড় রাস্তা থেকে শুরু করে এলাকার অলিগলি—সর্বত্র জমে যায় জল। বিশেষ করে টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জলমগ্ন হয়ে পড়ে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাধিক অংশ। ঘটনার খবর পেয়ে সোমবার জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। অন্যদিকে, পাইপ ফাটার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবাও। টালা ব্রিজের নীচে রেললাইনের কাছেই পাইপটি ফেটে যাওয়ায় জল ঢুকে পড়ে রেলপথে। নিরাপত্তার স্বার্থে টালা থেকে মাঝেরহাট পর্যন্ত চক্র রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এমনকী জল জমার কারণে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করতে হয়। মঙ্গলবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল রাখা হয়েছে। কিছু ট্রেন আবার ঘুরপথে চালানো হচ্ছে। ফলে জল সরবরাহের পাশাপাশি রেল পরিষেবা স্বাভাবিক করাও এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। আপাতত ১২ ইঞ্চির বিকল্প পাইপলাইন দিয়ে জল সরবরাহ চালু রাখাই পুরসভার প্রধান লক্ষ্য।

Related Articles