কলকাতা

আরজিকর মামলায় কলকাতা হাই কোর্টের বড় পদক্ষেপ! শুনানির জন্য গঠিত হল বিশেষ ডিভিশন বেঞ্চ

এর আগে আর জি কর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।

Truth of Bengal: রাজ্য সরকারের তরফে ‘আর জি কর মামলার ফাইল’ নতুন করে খোলার মধ্যেই এবার এই হাই-প্রোফাইল খুন ও ধর্ষণ মামলার শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্ট হয়ে কলকাতা হাই কোর্টে ফেরত আসা এই মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হলো। হাই কোর্টের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে অত্যন্ত সংবেদনশীল এই সিবিআই (CBI) তদন্তাধীন মামলার শুনানি প্রক্রিয়া পরিচালনা করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি শম্পা সরকারের বিশেষ ডিভিশন বেঞ্চ।

এর আগে আর জি কর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। তবে কাজের অতিরিক্ত চাপ এবং সময়ের চরম অভাবের কথা উল্লেখ করে হঠাৎই এই মেগা মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ওই বেঞ্চের দুই বিচারপতি। মামলা ছাড়ার সময় ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে একটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করে জানানো হয়েছিল যে, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে আর জি করের ঘটনা খতিয়ে দেখতে রাজ্য সরকার নিজস্ব একটি বিশেষ কমিশন তৈরি করতে পারে। এই প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণেই মূলত তাঁরা নিজেদের এই মামলা থেকে সরিয়ে নিচ্ছেন।

অবশ্য মামলা ছেড়ে দেওয়ার ঠিক আগেই সিবিআই-এর তদন্তের গতি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে গিয়েছিল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছিল, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে সিবিআই-কে ফের নতুন করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে হবে। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে প্রয়োজনে সমস্ত সন্দেহভাজন ব্যক্তিদেরও ডেকে পাঠাতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার দায়ের করা দুটি অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে সিবিআই-কে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

বিচারপতি মান্থার বেঞ্চ মামলাটি ছেড়ে দেওয়ার পর আইনি নিয়ম মেনেই তা চলে যায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। প্রধান বিচারপতি বিষয়টির গুরুত্ব এবং সংবেদনশীলতা বিচার করে কালবিলম্ব না করে মামলাটির নিয়মিত ও দ্রুত শুনানির জন্য এই নতুন বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের এই নতুন বেঞ্চে আর জি কর মামলার পরবর্তী আইনি লড়াই ও সিবিআই রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ শুরু হতে চলেছে, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Related Articles