“তাপসদা-সজলদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল”, শপথ নিয়েই কুণালের ফেসবুক বোমা!
“তাপসদা-সজলদের তাড়ানো হয়েছে!”, বিধায়ক হয়েই দলের ‘অন্দরের শত্রু’ খুঁজতে সরব কুণাল ঘোষ
Truth of Bengal: ২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতায় তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। সেই ক্ষোভের আগুন এবার সশরীরে আছড়ে পড়ল বিধানসভার অলিন্দে। বৃহস্পতিবার প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে শপথ নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ এবং ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর সাফ দাবি, তাপস রায় বা সজল ঘোষদের মতো নেতাদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল, যা আদতে তৃণমূলের বড় ক্ষতি করেছে।
ভাগ্যচক্র ও তাপস রায়
পোস্টে কুণাল লিখেছেন, “আমাকে শপথ পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। দীর্ঘদিনের দাদা এবং নেতা। ওনাকে আমরা দলে রাখার চেষ্টা করেছিলাম, পারিনি। দুর্ভাগ্য।” কুণাল মনে করিয়ে দিয়েছেন, এক সময় তাপস রায়কে ‘ভালো লোক’ বলায় তাঁকে দল থেকে সাসপেন্ড হতে হয়েছিল। আজ সেই তাপস রায়ের কাছেই তাঁকে শপথ নিতে হলো— একেই ‘ভাগ্যচক্র’ বলছেন কুণাল।
নিশানায় ‘হোয়াটসঅ্যাপ পলিটিক্স’
কাউকে নাম না বললেও কুণালের লক্ষ্য যে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা দিনের আলোর মতো পরিষ্কার। কুণাল লিখেছেন, “যাঁদের জন্য দলের ক্ষতি হয়েছে, তাঁরাই এখন হোয়াটসঅ্যাপে ‘কাঁদুনি পলিটিক্স’ করে স্বজনপোষণ চালিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত আপত্তিকর এবং উদ্বেগের।” সম্প্রতি সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলের উপদলনেতা করা নিয়েও কুণাল যে ক্ষুব্ধ, তা তাঁর এই আক্রমণাত্মক মেজাজ থেকেই স্পষ্ট।
তৃণমূলে কি গৃহযুদ্ধ?
কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্যে দলের নিচুতলার কর্মীদের মধ্যেও গুঞ্জন শুরু হয়েছে। কুণাল দাবি করেছেন, এক নেতার ব্যক্তিগত ইগো আর ‘দাদাগিরি’র জন্য পুরনো কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। বিধানসভার মুখ্য সচেতক ফিরহাদ হাকিম বা বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানালেও নয়নার নাম উচ্চারণ না করে কুণাল বুঝিয়ে দিয়েছেন, লড়াইটা এবার আর ঠান্ডা থাকবে না।





