কলকাতা

পুজোর মধ্যেই আইনি জটিলতা? অষ্টমীর দুপুরে থানায় তলব কুণাল ঘোষকে!

কী অভিযোগে তৃণমূল নেতাকে ডাকা হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন

Truth of Bengal: কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় নতুন করে এফআইআর দায়ের করল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার দুপুর ১টায় তাঁকে নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অষ্টমীর দুপুরে পুলিশের এই তলব ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কী অভিযোগে তৃণমূল নেতাকে ডাকা হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সূত্রের খবর, পুলিশের ডাকে সাড়া দিয়ে নির্ধারিত সময়েই থানায় যেতে পারেন কুণাল ঘোষ। উল্লেখ্য, এর আগে পরপর দু’বার হামলার অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন কুণাল। প্রথম ঘটনাটি ঘটে হুগলির উত্তরপাড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছিল গাড়ির কাচও।

এর পরের দিনই নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ফের হামলার মুখে পড়ার অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। অভিযোগ, বাড়ির কাছেই একদল বাইক আরোহী তাঁর গাড়ির পিছু ধাওয়া করে। বন্দুক ও হাতুড়ি নিয়ে গাড়িতে হামলা চালানো হয় বলেও দাবি করেছিলেন তিনি। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ।ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির তরফে পালটা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই নারকেলডাঙা থানার তরফে কুণালকে তলব করা হয়েছে।

একদিকে কুণাল ঘোষের তোলা হামলার অভিযোগ, অন্যদিকে তাঁর বিরুদ্ধেই বিজেপির পালটা এফআইআর—এই দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিজেপির অভিযোগের নির্দিষ্ট বিষয়বস্তু এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

Related Articles