কলকাতা

দেশের সেরা দশে যাদবপুর, কেন্দ্রের স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী

এই বছর এই তালিকায় মোট ১৭টি ক্যাটাগরি রাখা হয়েছে।

Truth Of Bengal: আবারও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় স্বীকৃতি। দেশের প্রথম ১০টি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে নবম স্থানে জায়গা পেল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ৷ সামগ্রিকভাবে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে খড়গপুর আইআইটি৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সর্বভারতীয় ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) প্রকাশ করে৷ সেখানে দেখা যাচ্ছে, একাধিক ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুর। সেরা কলেজের তালিকাতেও প্রথম দশে রয়েছে কলকাতার দুই কলেজ- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ।

রাজ্যের এই কেন্দ্রীয় স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘‘শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল জেনে আনন্দিত হচ্ছি! ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় আজ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং ঘোষণা করেছে, যার নাম ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫ (এনআইআরএফ)। এই বছর, স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) দেশের মধ্যে প্রথম এবং দেশের সকল বিভাগের বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে। এটিই একমাত্র স্টেট বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। আমাদের গর্বিত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমার অভিনন্দন!’

এই বছর এই তালিকায় মোট ১৭টি ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- সামগ্রিক বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, মেডিক্যাল, ডেন্টাল, আইন, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, কৃষি ও সংশ্লিষ্ট সেক্টর, উদ্ভাবনী, মুক্ত বিশ্ববিদ্যালয়, স্কিল ইউনিভার্সিটি, স্টেট পাবলিক ইউনিভার্সিটি ইত্যাদি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিংয়ের জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের দ্বারা একটি কোর কমিটি গঠন করা হয়েছে এবং তারাই এই র‍্যাঙ্কিংয়ের নিয়ম ও মাপকাঠি নির্ধারণ করেছে। আর এই তালিকাতেই জায়গা করে নিয়েছে কলকাতার ৪টি প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় র‍্যাঙ্কিংয়ে বাংলার আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। সেরা কলেজের তালিকায় ৬ নম্বরে রয়েছে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে আট নম্বরে। আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগের চতুর্থ র‍্যাঙ্কিংয়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সেরা আইন কলেজের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা ম্যানেজমেন্ট কলেজের র‍্যাঙ্কিংয়ে রয়েছে সপ্তম স্থানে। গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সকলের উপরে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। তৃতীয় স্থানে বম্বে আইআইটি।

Related Articles