যুবভারতী-কাণ্ডে আপাতত বড় স্বস্তি অরূপ বিশ্বাসের! প্রাক্তন মন্ত্রীর রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট
একক বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় এখনই কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
Truth of Bengal: যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কিত মামলায় আপাতত বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাইকোর্টের একক বেঞ্চ তাঁকে আগেই যে গ্রেফতারি ও কড়া পদক্ষেপ থেকে অন্তর্বর্তী আইনি রক্ষাকবচ দিয়েছিল, তা-ই বহাল রইল। একক বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় এখনই কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। একই সাথে রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রাক্তন মন্ত্রী তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বহুল চর্চিত কলকাতা সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। মেসির সেই অনুষ্ঠানকে ঘিরে যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় এবং নিরাপত্তাজনিত ত্রুটির কারণে মেসিকে সময়ের আগেই মাঠ ছাড়তে হয়। এই ঘটনার জেরে তখনই গ্রেফতার হন শতদ্রু, যিনি বর্তমানে জামিনে মুক্ত। পরবর্তীতে এই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ গত ১০ জুন অরূপ বিশ্বাসকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করে। একক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চতর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শতদ্রু দত্ত।
মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। শতদ্রুর আইনজীবীর অভিযোগ, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও একক বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দিয়েছে এবং পুলিশ এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ করছে না। অন্যদিকে, অরূপ বিশ্বাসের পক্ষে সওয়াল করে প্রবীণ আইনজীবী কিশোর দত্ত শতদ্রুর দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি যুক্তি দেন, আদালতের বিচারাধীন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বলার আইনগত অধিকার অভিযোগকারীর থাকে না, তাই এই আবেদন খারিজ করা উচিত।
উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জানতে চায়, অরূপ বিশ্বাস নিয়মিত হাজিরা দিচ্ছেন কি না এবং তদন্তে কোনো অসহযোগিতা করছেন কি না। রাজ্যের আইনজীবী নিশ্চিত করেন যে, প্রাক্তন মন্ত্রী নিয়মিত তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হচ্ছেন এবং সহযোগিতা করছেন। এরপরই আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ২ জুলাই পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেয়। ফলে আগামী ২ জুলাই পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর স্বস্তি বহাল থাকছে। উল্লেখ্য, পূর্ববর্তী শুনানিতে একক বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিল, যুবভারতীর বিশৃঙ্খলার কারণে আন্তর্জাতিক স্তরে শহরের সম্মানহানি হয়েছে। সেই সাথে অরূপ বিশ্বাসকে খোঁচা দিয়ে আদালত প্রশ্ন তুলেছিল, “উনি কি মেসির বাল্যবন্ধু? কেন তিনি মেসির এত কাছাকাছি গিয়েছিলেন?” তবে আপাতত ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে না যাওয়ার সিদ্ধান্তে স্বস্তিতে তৃণমূলের এই হেভিওয়েট নেতা।






