কলকাতা

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বড় মাস্টারপ্ল্যান! নয়া নির্দেশে রাজ্য পঞ্চায়েত দপ্তরের বড় পদক্ষেপ

লক্ষ্য, সংশ্লিষ্ট পরিবারগুলিকে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কাজের আওতায় এনে জীবিকার সুরক্ষা বাড়ানো

Truth of Bengal: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। যে সব চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের এখনও ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ হয়নি, তাঁদের দ্রুত এই কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য, সংশ্লিষ্ট পরিবারগুলিকে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কাজের আওতায় এনে জীবিকার সুরক্ষা বাড়ানো। গত ২৫ আগস্ট জেলাশাসক এবং জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা ধরে ধরে যাচাই করতে হবে, কারা ইতিমধ্যেই রোজগার গ্যারান্টি কার্ড পেয়েছেন এবং কারা এখনও পাননি।

যাঁদের কার্ড এখনও তৈরি হয়নি, তাঁদের দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির ১০০ শতাংশকে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যও বেঁধে দিয়েছে দপ্তর। নির্দেশিকা অনুযায়ী, গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কাজে আগ্রহী হলে বছরে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। সরকারের লক্ষ্য, গ্রামেই কাজের সুযোগ বাড়িয়ে জীবিকা আরও সুরক্ষিত করা এবং কর্মসংস্থানের খোঁজে ভিন্‌রাজ্যে চলে যাওয়ার প্রবণতা কমানো। শুধু কার্ড বিলি করলেই দায়িত্ব শেষ হবে না বলেও জেলাগুলিকে জানানো হয়েছে। যাঁরা ইতিমধ্যেই কার্ড পেয়েছেন, তাঁদের তথ্যও যাচাই করতে হবে। যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যরা কাজ চাইলে সেই চাহিদা নথিভুক্ত করে সংশ্লিষ্ট নিয়ম মেনে তাঁদের কাজে যুক্ত করার ব্যবস্থা করতে হবে।

দপ্তর সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা নিয়ে জেলা প্রশাসনকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। কোথাও যাতে কোনও যোগ্য পরিবার বাদ না পড়ে, সে দিকেও নজর দিতে হবে। সব মিলিয়ে, পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য। ১২৫ দিনের কাজ এবং শতভাগ রোজগার গ্যারান্টি কার্ডের কভারেজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের ভিন্‌রাজ্যমুখী হওয়ার প্রবণতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।