কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু দুই পাইলটের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।
Truth of Bengal: ফের বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার প্রশিক্ষণ চলাকালীন কানপুরে একটি বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। গুরুতর আহত হয়েছেন আরও এক কো-পাইলট বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গঙ্গা ব্যারেজের কাছে নাত্থু পুরওয়া গ্রামের এলাকায় বিমানটি ভেঙে পড়ে। বিকট শব্দে বিমানটি মাটিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে প্রশিক্ষণরত এক পাইলট এবং এক জন সিনিয়র পাইলট ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার দল।
তবে ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি হয়েছে। এক বছর আগের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। ওই ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও পাইলটদের সংগঠন সেই দাবি মেনে নেয়নি। দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের অনেকেই এখনও সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি বলেও অভিযোগ রয়েছে।
আহমেদাবাদ দুর্ঘটনার পরও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় প্রাণহানিও হয়েছে। এমনকি রাজনৈতিক মহলের পরিচিত মুখ অজিত পওয়ারের মৃত্যুও বিমান দুর্ঘটনার সঙ্গে যুক্ত ছিল। একাধিক দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হওয়ায় বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর মধ্যেই কানপুরের এই দুর্ঘটনা ফের সেই উদ্বেগ উসকে দিল। প্রশিক্ষণ বিমানটির দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল, তদন্তের পরই তা স্পষ্ট হবে।






