গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউতে চরম আতঙ্ক! মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর পার্টি অফিসে দুষ্কৃতী তাণ্ডব-ভাঙচুর
বাংলায় শান্তি নষ্টের চক্রান্ত! ইটের বদলে পাটকেল দেওয়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের
Truth of Bengal: মঙ্গলবার গভীর রাতে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর (Purnima Chakraborty) দলীয় কার্যালয়ে অতর্কিতে তাণ্ডব চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বুধবার সকালে বিজেপি কর্মী-সমর্থকরা অফিসে এসে দেখেন, চারপাশ লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে, ছেঁড়া হয়েছে ব্যানার-পোস্টার এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর কাটআউট।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২:৩০টা থেকে ৩টের মধ্যে এই হামলা চালানো হয়। বুধবার সকালে দলীয় কর্মীরা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কার্যালয়ে পৌঁছাতেই চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায়, পার্টি অফিসের বাইরে টাঙানো ফ্লেক্স ও ব্যানারে থাকা বিজেপির প্রতীক ধারালো কিছু দিয়ে ফালাফালা করে কাটা হয়েছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর বিশাল কাটআউটের মুখের অংশটি ছিঁড়ে ফেলা হয়েছে। অফিসের ভেতরেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জনবহুল ও ব্যস্ত রাস্তায় তাণ্ডবের দৃশ্য দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষের মধ্যেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বটতলা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক পরিদর্শনের পর বড়তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে।
বিজেপি কর্মীদের পাশাপাশি সোচ্চার হয়ে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী অভিযোগ করে বলেন, “বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেটা সহ্য করতে না পেরে এবং রাজনৈতিকভাবে ধুলিস্যাৎ হয়ে গিয়ে রাতের অন্ধকারে সন্ত্রাসের পরিবেশ তৈরির অপচেষ্টা করছে তৃণমূলের দুষ্কৃতীরা। তবে এই কাপুরুষোচিত হামলা চালিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না।” ঘটনার পর ব্যাপক উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।






