CV Ananad Bose: “সমাধানের পথ খোঁজা চলছে”- বাঙালি হেনস্থা ইস্যু নিয়ে জানালেন রাজ্যপাল
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা ইস্যুতে প্রথম থেকেই আওয়াজ তুলেছিলেন।
Truth of Bengal: বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক আলোচনার বিষয়ের মধ্যে অন্যতম বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও নির্যাতন ইস্যু। প্রথম থেকেই এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দলের অন্যান্য নেতারাও এই নিয়ে চারিদিকে আওয়াজ তুলে যাচ্ছেন। এমনকি সংসদ চত্বরেও দলের সাংসদরা স্লোগান তুলছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানালেন যে যেই সমস্যা তৈরি হয়েছে, তার সমাধানের পথ খোঁজা চলছে।
[আরও পড়ুনঃ মরা নয় জীবিত মানুষকে ভয় পান, বাংলার একমাত্র মহিলা ডোম পুরন্দরপুরের টুম্পার জীবনসংগ্রাম]
১৫ আগস্ট গোটা ভারতবর্ষে পালন করা হয় স্বাধীনতা দিবস। সেই অনুযায়ী শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকলেই আজ রাজ্য ও দেশবাসীকে বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন আমাদের দেশ কতটা মহান। এদিন ব্যারাকপুরের গান্ধীঘাটে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে তিনি বাঙালি হেনস্তা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সমস্যা হয়েছে। তবে খোঁজা চলছে সমাধানের পথ।”
[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]
অন্যদিকে, এই প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করেছিল বাঙালিরা। কিন্তু আজ বাঙালীরাই দেশের বিভিন্ন জায়গায় অপমান ও লাঞ্ছনার শিকার হচ্ছে। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার যে বাঙালি জাতিকে আরো একটা ভাষা আন্দোলনে নতুন করে পথে নামতে হয়েছে।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা ইস্যুতে প্রথম থেকেই আওয়াজ তুলেছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই অত্যাচার তিনি মেনে নেবেন না। ঘাসফুল শিবিরের তরফ থেকে নামা হয় ভাষা আন্দোলনে। অন্যদিকে, সংসদ চত্বরেও এই ইস্যুতে বিক্ষোভ দেখানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এই আন্দোলন সমর্থন পেয়েছে বহু বিশিষ্ট ব্যক্তির। এমনকি অন্যান্য রাজ্যের নেতারাও মুখ্যমন্ত্রীর লড়াইকে সেলাম জানিয়েছেন।






