নথি জাল করে ফুটপাথের দোকান বিক্রির অভিযোগ, সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর
অভিযোগকারীকে আনন্দপুর রোডের রুবি ক্রসিংয়ের কাছে ফুটপাথে সাত ফুটের একটি দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
Truth of Bengal: আরও বিপাকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবার নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কসবার রাজডাঙা স্কুল রোডের এক বাসিন্দা। এফআইআরে সুশান্ত ঘোষ ছাড়াও আরও চারজনের নাম রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২২ সালের নভেম্বর মাসে। অভিযোগকারীর একটি দোকানের প্রয়োজন ছিল। সেই সুযোগকেই কাজে লাগান সুশান্ত ঘোষ ও তাঁর সহযোগীরা। অভিযোগকারীকে আনন্দপুর রোডের রুবি ক্রসিংয়ের কাছে ফুটপাথে সাত ফুটের একটি দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অভিযোগকারীর বিশ্বাস অর্জনের জন্য তাঁকে পুরসভার জাল লাইসেন্স দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি বুঝতে না পেরে জালিয়াতির ফাঁদে পড়েন তিনি। এরপর অভিযুক্তদের হাতে সাড়ে তিন লক্ষ টাকা তুলে দেন বলে দাবি অভিযোগকারীর। কিন্তু টাকা নেওয়ার পরই অভিযুক্তরা অবস্থান বদলাতে শুরু করে বলে অভিযোগ। যে দোকান দেওয়ার কথা ছিল, তার বদলে ভয় দেখিয়ে জোর করে চার ফুটের অন্য একটি দোকানের চাবি ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, ওই ছোট ঘরটি আসলে রুবি মার্কেট কমিটির অ্যাম্বুলেন্স রুম হিসেবে ব্যবহৃত হত। তার কোনও সরকারি লাইসেন্সও ছিল না।
অভিযোগকারীর দাবি, এতদিন সুশান্ত ঘোষ ও তাঁর সহযোগীদের ভয়ে তিনি মুখ খুলতে পারেননি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি আনন্দপুর থানার দ্বারস্থ হন। সুশান্ত ঘোষ-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আনন্দপুর থানায় দায়ের হওয়া অন্য একটি মামলায় ইতিমধ্যেই পলাতক সুশান্ত ঘোষ। তার মধ্যেই নতুন অভিযোগে ফের তাঁর নাম জড়ানোয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।






