পদত্যাগ না করার চরম ‘শাস্তি’! বারাসতে ২ মহিলা কাউন্সিলরের ঘরে ডিম-পাথর হামলা
চেয়ারম্যানের ইস্তফার পরেই বারাসতে তাণ্ডব? অসুস্থ বৃদ্ধার ঘরে উড়ে এল ঢিল, জানলার কাচ চুরমার!

Truth of Bengal: দিন কয়েক আগেই বারাসত পুরসভার চেয়ারম্যান, উপ-চেয়ারম্যান-সহ মোট আটজন কাউন্সিলর “কাজ করার মতো পরিবেশ নেই” এই কারণ দেখিয়ে মহকুমা শাসকের (SDO) কাছে ইস্তফা দিয়েছিলেন। সেই গণইস্তফার রেশ কাটতে না কাটতেই এবার বাকি কাউন্সিলরদের পদত্যাগ করানোর জন্য শুরু হল মাফিয়া স্টাইলে হামলা। বারাসত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিস এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসের বাড়িতে গভীর রাতে একদল বহিরাগত দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ন্যাক্কারজনক ঘটনায় বারাসত জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
“পদত্যাগের ইঙ্গিত দেওয়া হচ্ছে”, ডিম ও ইট হামলার মুখে বিস্ফোরক ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
ঘটনার বিবরণ দিতে গিয়ে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিস জানান, আচমকাই তাঁর বাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ও ইট ছুড়তে শুরু করে একদল অজ্ঞাতপরিচয় যুবক। তন্নিষ্ঠা স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের এলাকার কোনও মানুষ এই কাজ করতেই পারেন না। এরা সম্পূর্ণ বহিরাগত। আমি এখনও পর্যন্ত ইস্তফা দিইনি, আর সেই কারণেই আমাকে ভয় দেখিয়ে পদত্যাগ করানোর জন্য এই নোংরা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমি সবটা বুঝতে পারছি।”
অসুস্থ শাশুড়ির ঘরে উড়ে এল বিরাট পাথর! অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা
অন্যদিকে, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসের বাড়ির ওপর হামলার ধরণ ছিল আরও মারাত্মক। তাঁর বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয়, যার জেরে ঘরের জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। শিল্পী দাস আতঙ্কিত কণ্ঠে জানান, “কী কারণে এই হামলা তা আমার বোধগম্য হচ্ছে না। ঘরে আমার অত্যন্ত অসুস্থ শাশুড়ি মা থাকেন। ঠিক যে ঘরে পাথরটি এসে পড়েছে, ভাগ্যিস সেই সময় মা সেই ঘরে ছিলেন না! নতুবা আজ একটা বড়সড় রক্তক্ষয়ী বিপদ ঘটে যেতে পারত।”
বারাসত পুরসভার এই অরাজক পরিস্থিতি এবং দুই মহিলা জনপ্রতিনিধির ওপর এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে ইতিমধ্যেই বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে এই হামলার নেপথ্যে কোন রাজনৈতিক মাস্টারমাইন্ড লুকিয়ে রয়েছে, তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুরসভার চেয়ারম্যানের ইস্তফার পর এই ঘটনা যে বারাসতের রাজনৈতিক অলিন্দে আরও বড় ঝড়ের পূর্বাভাস, তা বলাই বাহুল্য।






