‘পিতা’ পরিচয় ঘিরে নজিরবিহীন বাদানুবাদ, উত্তপ্ত বিধানসভা
শুক্রবার বিধানসভার শুরুতে বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।
Truth Of Bengal: বাজেট অধিবেশনের মাঝেই নজিরবিহীন বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। অন্তর্বর্তী বাজেট পেশের পরদিন, শুক্রবার বিধানসভায় বাজেট নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য পর্যন্ত উঠে আসে অধিবেশন কক্ষেবৃহস্পতিবার রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। জনকল্যাণমূলক একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং নতুন প্রকল্পের প্রস্তাব থাকায় শুক্রবার বিধানসভায় তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই আলোচনাতেই তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তুমুল বাগযুদ্ধ শুরু হয়।
শুক্রবার বিধানসভার শুরুতে বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, সেই সময় তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এর প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সামান্য বাদানুবাদ হলেও, পরে তা দ্রুত কুরুচিকর বাক্যালাপে রূপ নেয়। অভিযোগ, উদয়ন গুহকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন।এরপর বাজেট আলোচনার পর বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন গুহ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা প্রায়শই বিধানসভার বাইরে এই ধরনের আক্রমণ করেন।
নিজের পিতৃপরিচয়ের প্রসঙ্গ তুলে উদয়ন বলেন, তাঁর বাবা কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন এবং বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।এই মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।” তার পালটা প্রতিক্রিয়ায় উদয়ন গুহ বলেন, “আপনি প্রমাণ করে দিন, আমি কখনও বাবাকে চোর বলেছি। তাঁর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছিলাম মাত্র।”এরপরই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে উদয়ন গুহ বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। অথচ নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। তিনি দু’পক্ষকেই থামিয়ে জানান, এই ধরনের কুরুচিকর ও ব্যক্তিগত মন্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে।





