ED Raids in Kolkata: কলকাতায় ফের ইডির তল্লাশি, দক্ষিণ দমদমে অভিযান মানব পাচার মামলায়
এই তল্লাশির মূল উদ্দেশ্য এই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখা, বলে খবর।
Truth of Bengal: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা অব্যাহত রাজ্যে। শুক্রবার ফের এজেন্সির আধিকারিকরা পা রাখলেন কলকাতায়। জানা গিয়েছে, এদিন দক্ষিণ দমদমে এসেছেন আধিকারিকরা। মানব পাচার মামলায় হানা দেওয়া হয়েছে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে। এই তল্লাশির মূল উদ্দেশ্য এই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখা, বলে খবর। মনে করা হচ্ছে আধিকারিকদের হাতে বিরাট কোনও তথ্য আসতে পারে।
শুধু দক্ষিণ দমদমেই নয়, ইডি আধিকারিকরা এদিন তল্লাশি চালু করেছেন সল্টলেকেও। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা রয়েছেন জগদীশ সিং নামে এক ব্যক্তির বাড়িতে। যদিও কোন মামলায় আধিকারিকদের এই হানা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এক্ষেত্রেও মনে করা হচ্ছে ব্যাপক কিছু হাতে লাগার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসে ইডি আধিকারিকরা শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন বালি পাচার মামলায়। বেহালা, ঝাড়গ্রাম থেকে শুরু করে রাজ্যের ২২টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় আধিকারিকদের তরফ থেকে। কয়েকদিন আগেই চাকদহে জাল পাসপোর্ট মামলায় এক কাঠমিস্ত্রি ও তাঁর ভাইয়ের বাড়িতে হানা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখার যে এবার মানব পাচার মামলায় কি হাতে লাগে তাদের।






