Collapses in Kolkata: টানা বৃষ্টিতে কলকাতায় ফের বিপর্যয়! ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি
শনিবার ভোরে মানিকতলা মেন রোডে ধসে পড়ে একটি প্রাচীন দোতলা বাড়ির একাংশ।
Truth of Bengal: টানা বর্ষণে ফের ভেঙে পড়ল কলকাতার এক পুরনো ভগ্নদশা রাজবাড়ি। শনিবার ভোরে মানিকতলা মেন রোডে ধসে পড়ে একটি প্রাচীন দোতলা বাড়ির একাংশ। দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই শিশু। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে ESI হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই দোতলা রাজবাড়ির একাংশ। ধ্বংসস্তূপের চাপে ক্ষতিগ্রস্ত হয় পাশের একতলা বাড়ি এবং একটি বহুতলের কেয়ারটেকার কক্ষ। সেখানেই উপস্থিত ছিল দুই শিশু। বড় একটি চাঙর খসে পড়ে তাঁদের ওপর, তাতেই আহত হয় তারা।
আরও পড়ুন: Daily Horoscope: শ্রী গণেশের আশীর্বাদে জেনে নিন আপনার আজকের দিন কেমন কাটবে
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকরা। স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু জানান, “বাড়িটি বসবাসের অযোগ্য বলে বহু আগে চিহ্নিত করা হয়েছিল। বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল এটি। পুরসভার তরফে বিপজ্জনক চিহ্নসহ নোটিশও টাঙানো হয়েছিল। কিন্তু শরিকি জটিলতার কারণে কোনওরকম নিষ্পত্তি হয়নি। ফলে বাড়িটি ভেঙে ফেলার মতো পদক্ষেপ নেওয়া যায়নি।” স্থানীয়দের দাবি, বাড়িটির পিছনের অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। বাড়িটি এখন পাশের বহুতলের দিকে হেলে পড়েছে। যদিও ভেঙে পড়া অংশে কেউ বসবাস করতেন না, তবে ওই প্রাচীন স্থাপনার অন্য একটি অংশে এখনও কয়েকজন পরিবারের সদস্য বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেঙে পড়ার পর বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বলে আশঙ্কা করা হয়েছিল। স্থানীয়রাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়ে চাঙর সরিয়ে আহতদের বাইরে বের করে আনেন এবং হাসপাতালে পাঠান। প্রায় ২০০ বছর আগের ওই রাজবাড়িটি এলাকার পরিচিত স্থাপত্য ছিল। কিন্তু বছর কয়েক ধরেই তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় একের পর এক পুরনো বাড়ি ভেঙে পড়ছে। ২৫ জুলাই শহরের দুই প্রান্তে দুটি বাড়ি ধসে পড়ে। ২৮ জুলাই রাতে জানবাজারে, ২৯ জুলাই নারকেলডাঙা ও মুচিপাড়া এলাকায় ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। গিরিশ পার্কেও একদিনে ভেঙে পড়ে দুটি পুরনো বাড়ির অংশবিশেষ। প্রতিটি ক্ষেত্রেই ভগ্নদশা বাড়িগুলিতে আগেই ঝুলছিল পুরসভার ‘বিপজ্জনক’ সতর্কীকরণ বোর্ড।






