Monsoon Alert: রাজ্যে ফের সক্রিয় বর্ষা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সতর্কতা
ইতিমধ্যেই পাহাড়ি জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
Truth of Bengal: বর্ষা ফের জোর কদমে সক্রিয় গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পাহাড়ি জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে এই অঞ্চলে চরম সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাগুলিতেও (Monsoon Alert)।
আরও পড়ুন: Collapses in Kolkata: টানা বৃষ্টিতে কলকাতায় ফের বিপর্যয়! ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি
উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। তীব্র বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, সক্রিয় মনসুন ফ্লো-এর প্রভাবে নদী-নালার জলস্তর আচমকা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার (Monsoon Alert)।
রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলেই পূর্বাভাস। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রাও থাকবে ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তি অনুভূত হবে (Monsoon Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য ০.২ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ থেকে ৯৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৯ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে (Monsoon Alert)।





