ভোটের বাদ্যি বাজার আগেই হোলির দিনেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
১০ মার্চের আগেই দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।
Truth Of Bengal: ভোটমুখী পশ্চিমবঙ্গে উৎসবের আমেজ ছাপিয়ে জোরকদমে টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার হোলির দিন সকালেই মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। টহল দেওয়ার পাশাপাশি জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মনে আস্থা জাগানোর চেষ্টা করেন। এলাকা চিনিয়ে দেওয়ার জন্য জওয়ানদের সঙ্গে ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরা।
— TOB DIGITAL (@DigitalTob) March 4, 2026
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও যে কোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সেই প্রস্তুতি হিসেবেই গত ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে পৌঁছেছে এবং শুরু হয়েছে রুট মার্চ। জানা গিয়েছে, ১০ মার্চের আগেই দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এই দ্বিতীয় ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন।
এদিন তালতলা থানা সংলগ্ন রাণী রাসমণি হাই স্কুলের বুথ এলাকা এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়।






