মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, ধস শেয়ার বাজারে
শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনসেক্স প্রায় এক হাজার চারশো পয়েন্ট কমে আটাত্তর হাজার আটশোর ঘরে ঘোরাফেরা করছে।
Truth Of Bengal: মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ল দেশের শেয়ার বাজারে। টানা অস্থিরতার জেরে বুধবার বড়সড় পতনের সাক্ষী রইল দালাল স্ট্রিট। বাজার খোলার পর থেকেই বিক্রির চাপ বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স।
ফলে সূচক নেমে আসে আশি হাজারের নিচে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনসেক্স প্রায় এক হাজার চারশো পয়েন্ট কমে আটাত্তর হাজার আটশোর ঘরে ঘোরাফেরা করছে। পাল্লা দিয়ে পতন হয়েছে নিফটিরও। চারশোর বেশি পয়েন্ট হারিয়ে সূচক নেমে এসেছে চব্বিশ হাজার চারশোর আশপাশে। বিশেষ করে ব্যাঙ্কিং ও ধাতু শিল্পে বড়সড় ধাক্কা লেগেছে। ব্যাঙ্ক নিফটিতেও দুই শতাংশের বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে তেলের জোগান ব্যাহত হওয়ার আশঙ্কায় দাম বাড়তে পারে। আর তেলের দাম বাড়লে আমদানি খরচ বেড়ে দেশের আর্থিক ভারসাম্যে চাপ তৈরি হবে। সেই আশঙ্কাতেই বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে বাজার বিশ্লেষকদের পরামর্শ, হঠাৎ আবেগতাড়িত সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ। অতীতের মতো এই ধাক্কাও সময়ের সঙ্গে কাটিয়ে উঠতে পারে বাজার—এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।




